সাই আউট হওয়ার পর অধিনায়ক গিলকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন যশস্বী। মুম্বইয়ের এই ব্যাটারের বড় গুণ হল তিনি অল্পে সন্তুষ্ট হন না।

যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন
শেষ আপডেট: 10 October 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) চলতি টেস্ট সিরিজের প্রথমটিতে ক্যারিবিয়ানদের রীতিমতো দুরমুশ করে মাত্র আড়াই দিনের মধ্যে জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টও (Second Test) যে সেই পথেই হাঁটতে চলেছে, তা প্রথম দিন শেষেই বোঝা গিয়েছে। নিজের সপ্তম টেস্ট শতক পাওয়ার পর এখন ডাবল-সেঞ্চুরির পথে হাঁটছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনি অপরাজিত রয়েছেন ১৭৩ রানে। আর অধিনায়ক শুভমান গিল অপরাজিত ২০ রানে দিন শেষ করেছেন। প্রথম দিন শেষে (First Day) ভারতের রান দুই উইকেট হারিয়ে ৩১৮।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। এর আগের ছটি টেস্টেই টসে হেরেছিলেন শুভমান। অবশেষে এদিন জয় পেলেন। অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আগের টেস্টের দল নিয়েই নেমেছ ভারত। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। তবে এদিন অবশ্য ঝড় তুলে নয়, দেখেশুনেই ক্যারিবিয়ানদের খেলতে শুরু করেন লোকেশ ও যশস্বী।
তবে দলীয় ৫৮ রানেই হয় ছন্দপতন। গত ম্যাচে শতক হাঁকানো রাহুল এদিন ফিরে গেলেন ৫৪ বলে ৩৮ রান করে। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। জোমেল ওয়ারিক্যানের বলে টেভিন ইমল্যাচের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান তিনি।
তবে শুরুটা মন্থর হলেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলতে শুরু করেন যশস্বী। তাঁকে যোগ্য সঙ্গত দিতে থাকেন সাই সুদর্শনও। এদিন যশস্বীর শতক এসেছে ১৪৫ বলে। এটি তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি। আর সুদর্শন পেয়েছেন তাঁর টেস্ট কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তবে মাত্র ১৩ রানের জন্য শতক পাননি তিনি। ৮৭ রান করে সাই আউট হন ওয়ারিক্যানের বলে। ১৬৫ বলের ইনিংসে তিনি মেরেছেন ১২টি চার। তাঁর ও যশস্বীর জুটিতে ওঠে ১৯৩ রান।
সাই আউট হওয়ার পর অধিনায়ক গিলকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন যশস্বী। মুম্বইয়ের এই ব্যাটারের বড় গুণ হল তিনি অল্পে সন্তুষ্ট হন না। সেঞ্চুরি করার পর আরও মারমুখী হয়ে ওঠেন তিনি। প্রথম দিন তাঁর ব্যাট থেকে এসেছে ১৭৩ রান, খেলেছেন ২৫৩ বল। তাঁর ব্যাট থেকে এদিন কোনও ছক্কা না এলেও মেরেছেন ২২টি চার। দ্বিতীয় টেস্টের সকালটা দেখে মনে হচ্ছে, এই টেস্টও হয়তো তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।