২৪ বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির ক্ষেত্রে তাঁর উপরে রয়েছেন শুধুমাত্র ডন ব্র্যাডম্যান (১২টি শতক), সচিন তেন্ডুলকর (১১টি শতক) ও গ্যারফিল্ড সোবার্স (৯টি শতক)।

যশস্বী জয়সওয়াল
শেষ আপডেট: 10 October 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ওয়েস্ট বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরিটি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal, Seventh Century)। এর ফলে তাঁর নাম এখন উচ্চারিত হচ্ছে বাইশ গজের তিন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স ও সচিন তেন্ডুলকরের সঙ্গে (Don Bradman, Sachin Tendulkar, Garry Sobers)। কারণ এই তিন লিজেন্ড ছাড়া আর কোনও ব্যাটারই ২৪ বছর বয়সের (24 years age) মধ্যে সাতটি শতক হাঁকাতে পারেননি।
যশস্বীর এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় শতক। ক্যারিবিয়ানদের বিপক্ষেই বাঁহাতি এই ব্যাটার তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। তবে, সেই সেঞ্চুরিটি ওয়েস্ট ইন্ডিজেই হয়েছিল।
যশস্বীর এই সেঞ্চুরির মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। এটি তাঁর টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি এবং তিনি তাঁর সাতটি সেঞ্চুরির সবকটিই সাতটি ভিন্ন মাঠে করেছেন। যশস্বীর প্রথম সেঞ্চুরিটি আসে ডোমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এটি ছিল তাঁর প্রথম টেস্ট ম্যাচ, যেখানে তিনি ১৭১ রানের ইনিংস খেলেন। এর পর, তিনি বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০ রান করেন। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ২১৪ রান।। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে আরেকটি সেঞ্চুরি আসে।
লিডসে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ১০১ রান করেন। ওভালে খেলা ইংল্যান্ড সফরের শেষ টেস্টে তিনি ১১৮ রান করেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি দেশের মাটিতে সেঞ্চুরি করলেন।
যশস্বীর বয়স মাত্র ২৩ বছর। ২৪ বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির ক্ষেত্রে তাঁর উপরে রয়েছেন শুধুমাত্র ডন ব্র্যাডম্যান (১২টি শতক), সচিন তেন্ডুলকর (১১টি শতক) ও গ্যারফিল্ড সোবার্স (৯টি শতক)। এই ম্যাচে যশস্বী ৩,০০০ আন্তর্জাতিক রানও পূর্ণ করেছেন, যার অর্ধেকেরও বেশি রান এসেছে টেস্ট ম্যাচে।