ভারতে প্যাডেল এখনও নবাগত। কিন্তু মেসির মতো তারকা যখন এই খেলাকে সামনে আনছেন, তখন আগ্রহ বাড়াটাই স্বাভাবিক।

লিওনেল মেসি
শেষ আপডেট: 14 December 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: তিনি ফুটবল পায়ে মাঠে নামেননি। তবু লিওনেল মেসির (Lionel Messi) উন্মাদনা একচুল কম নয়। মুম্বইয়ে (Mumbai) রবিবার সন্ধ্যায় ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া-তে (Cricket Club of India) ফুটবলের বাইরে এক অন্য খেলায় ধরা দিলেন তিনি। নাম—প্যাডেল (Padel)। সঙ্গ দিলেন পুরনো সতীর্থ, বন্ধু লুইস সুয়ারেজ (Luis Suarez)।
কিন্তু কাকে বলে প্যাডেল? খেলার নিয়ম-ই বা কী?
অনেকের চোখে এটা টেনিস আর স্কোয়াশের মাঝামাঝি গোত্রের। ডাবলসে খেলা হয়, ছোট ঘেরা কোর্টে। দেয়ালে বল লাগলেও খেলা চালু থাকে। সার্ভ হয় আন্ডারআর্মে, কোমরের নীচে। র্যাকেটেও তার নেই—সলিড, ছিদ্রযুক্ত প্যাডেল ব্যাট। নিয়ম টেনিসের মতো হলেও ছন্দটা আলাদা। দ্রুত, ট্যাকটিক্যাল। আর সবচেয়ে বড় কথা—দেখতে যেমন আকর্ষণীয়, খেলতেও তেমনই।
এই খেলার সঙ্গে মেসির সম্পর্ক নতুন নয়। তিনি শুধু খেলেনই না, বিনিয়োগও করেছেন। প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সার্জিও আগুয়েরোর (Sergio Aguero) সঙ্গে যৌথভাবে একটি প্যাডেল টিমের মালিক। নাম—‘ক্রু প্যাডেল বাই তাকতিকা’ (Kru Padel by Taktika)। উরুগুয়ের সুয়ারেজও প্যাডেলের বড় ভক্ত। অবসর সময় পেলেই এই খেলায় মেতে ওঠেন দুই তারকা। ফলে মুম্বইয়ে সিসিআই-তে তাঁদের উপস্থিতি নিছক প্রদর্শনী নয়, বরং প্যাডেলের বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রমাণ।
বিশ্বজুড়ে এই খেলার উত্থান চোখে পড়ার মতো। আন্তর্জাতিক প্যাডেল ফেডারেশনের (International Padel Federation) তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশে এখন আড়াই কোটির বেশি সক্রিয় খেলোয়াড়। ইউরোপে স্পেন, সুইডেন, পর্তুগালে প্যাডেল টেনিসের চেয়েও জনপ্রিয়! মধ্যপ্রাচ্যে গত এক দশকে কোর্টের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। এমনকি অলিম্পিকেও (Olympics) অন্তর্ভুক্তির লক্ষ্যে এগোচ্ছে এই খেলা। আপাতত ২০৩২ ব্রিসবেন গেমসের (Brisbane 2032) দিকে তাকিয়ে।
ভারতে প্যাডেল এখনও নবাগত। কিন্তু মেসির মতো তারকা যখন এই খেলাকে সামনে আনছেন, তখন আগ্রহ বাড়াটাই স্বাভাবিক। মুম্বইয়ের রাস্তায় ভিড়, সিসিআই-তে উৎসাহ—সব মিলিয়ে ফুটবলের বাইরে আর্জেন্তিনীয় তারকার উপস্থিতি অন্য গল্প বলছে। আজ ফুটবল নয়, প্যাডেল। কিন্তু কেন্দ্রে সেই একই নাম—মেসি। আর তাঁর ছোঁয়াতেই নতুন করে আলোচনায় উঠে এল এক দ্রুত বাড়তে থাকা র্যাকেট স্পোর্ট।