টুখেল একটা আকর্ষণীয় পরিকল্পনা ছকেছেন। ৩৫ জনকে দুটো গ্রুপে ভাগ করে ক্যাম্প পরিচালনা করা হবে।

ছবি: গুগল
শেষ আপডেট: 20 March 2026 18:45
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আগে শেষ শিবির সমাবেশ। ৩০ মে চূড়ান্ত দল ঘোষণা। ২৭ মার্চ উরুগুয়ে ও ৩১ মার্চ জাপানের বিরুদ্ধে ওয়েম্বলিতে দুটো প্রীতি ম্যাচ।
তার আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল (Thomas Tuchel) ৩৫ জনের বিস্তারিত দল ঘোষণা করে স্পষ্ট বার্তা দিলেন—‘এটাই শেষ সুযোগ। এরপর আর পরীক্ষা দেওয়ার উপায় নেই!’ অর্থাৎ, বিশ্বকাপের টিকিট পেতে হলে এখনই যোগ্যতা প্রমাণ করতে হবে। নচেত সুযোগ মিলবে না।
কে এল, কে বাদ?
এবারের দলে দুজন অভিষেককারী মুখ—এভার্টনের মিডফিল্ডার জেমস গার্নার ও ব্রাইটনের গোলরক্ষক জেসন স্টিল। গার্নার এই মরসুমে মার্সিসাইড ক্লাবের হয়ে প্রতিটা ম্যাচ শুরু করেছেন। টুখেলের কথায়, ‘একটু অবমূল্যায়িত খেলোয়াড়। একাধিক পজিশনে খেলতে পারে, কাজের মনোভাব ও শারীরিক ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছি!’
৩৫ জনের স্কোয়াডে কামব্যাক করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি মাগুয়ার (Harry Maguire) ও কোবি মেইনু (Kobbie Mainoo)। এসি মিলানের ফিকায়ো তোমোরির (Fikayo Tomori) প্রত্যাবর্তন ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবার, পাঁচ বছরেরও বেশি সময় পর ডমিনিক ক্যালভার্ট-লেউইন।
কিন্তু বাদ পড়লেন রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (Trent Alexander-Arnold)। টুখেল বলেন, ‘কঠিন সিদ্ধান্ত। কিন্তু অন্য কয়েকজন একটু ভিন্ন আলাদা ধাঁচের খেলছেন!’ পাশাপাশি অলি ওয়াটকিন্সও নেই—বদলে ক্যালভার্ট-লেউইন ও সোলাঙ্কিকে সুযোগ দিতে চেয়েছেন জার্মান কোচ। অন্যদিকে ৩৫ বছর বয়সী গোলকিপার জেসন স্টিল ‘বিশ্বকাপে ট্রেনিং গোলকিপার’ হিসেবে সুযোগ দেওয়ার ভিত্তিতে ডাক পেয়েছেন।
দুই ভাগে ভাগ হবে ক্যাম্প
টুখেল একটা আকর্ষণীয় পরিকল্পনা ছকেছেন। ৩৫ জনকে দুটো গ্রুপে ভাগ করে ক্যাম্প পরিচালনা করা হবে। হ্যারি কেন (Harry Kane), বুকায়ো সাকা (Bukayo Saka), জুড বেলিংহ্যাম (Jude Bellingham), ডেক্লান রাইস (Declan Rice)-সহ ১১ জন উরুগুয়ে ম্যাচের পরে যোগ দেবেন—কারণ তাঁরা মরসুমে ৩৫০০ থেকে ৪০০০ মিনিট খেলেছেন। টুখেলের যুক্তি—মানসিক ও শারীরিক বিশ্রাম দিলে বিশ্বকাপে এই ফুটবলারদের থেকে সেরাটা পাওয়া যাবে।
আর্সেনালের ১৬ বছরের কিশোর ম্যাক্স ডাওম্যান (Max Dowman) প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা—টুখেল তাঁকে ‘অসাধারণ প্রতিভা’ বলে সাবাশি জানালেও দলে নিলেন না। কোচের নজরে, এত তাড়াহুড়ো অহেতুক। ধীরেসুস্থে পরিণত হয়ে উঠুক 'উঠতি তারকা'।
উল্লেখ্য, ইংল্যান্ড (England FIFA World Cup 2026) এই বিশ্বকাপে গ্রুপ পর্বে তিউনিশিয়া, পানামা ও কোস্তারিকার মুখোমুখি হবে। চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা ৩০ মে।
সম্পূর্ণ দল:
গোলকিপার: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড, অ্যারন র্যামসডেল, জেসন স্টিল।
ডিফেন্ডার: ড্যান বার্ন, মার্ক গুয়েহি, লুইস হল, এজরি কনসা, টিনো লিভরামেন্টো, হ্যারি মাগুয়ার, নিকো ও'রেইলি, জ্যারেল কোয়ান্সাহ, ড্যেড স্পেন্স, জন স্টোনস, ফিকায়ো তোমোরি।
মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, জেমস গার্নার, জর্ডান হেন্ডারসন, কোবি মেইনু, ডেক্লান রাইস, মর্গান রজার্স, অ্যাডাম হোয়ার্টন।
ফরোয়ার্ড: জ্যারড বোয়েন, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, এবেরেচি এজে, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেন, নোনি মাডুয়েকে, কোল পালমার, মার্কাস র্যাশফোর্ড, বুকায়ো সাকা, ডমিনিক সোলাঙ্কি।