ওয়েন রুনি সাফ জানিয়েছেন, আসছে সিজনে ওল ট্র্যাফোর্ডের ডাগ আউটে বসার যোগ্য ম্যানেজার, তাঁর একদা সতীর্থ মাইকেল ক্যারিক! দল পরিচালনার দায়িত্ব তাঁর হাতেই তুলে দেওয়া উচিত।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 16 March 2026 14:11
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারিতে যখন মাইকেল ক্যারিক (Michael Carrick) ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখলেন, তখন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল লিগ টেবিলের ছ’নম্বরে। ক্লাব ভেতর থেকে ভাঙছিল। রুবেন আমোরিম বিদায় নেওয়ার পর অস্থায়ী দায়িত্ব পেলেন ক্যারিক—ফার্গুসন-যুগ শেষ হওয়ার পর থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ষষ্ঠ স্থায়ী বা অস্থায়ী কোচ। আর রাশ হাতে তুলেই ছুটতে শুরু করল রেড ডেভিলরা! নয় ম্যাচে সাত জয়। এখন তৃতীয় স্থানে, চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের দোরগোড়ায়।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আগামী সিজনেও কি ক্যারিকেও মসনদে রাখা উচিত? অস্থায়ী কোচের দায়িত্ব স্থায়ী করাটা কি বিচক্ষণ সিদ্ধান্ত হবে? ক্লাব কিংবদন্তি ওয়েন রুনি (Wayne Rooney) কিন্তু সাফ জানিয়েছেন, আসছে সিজনে ওল ট্র্যাফোর্ডের ডাগ আউটে বসার যোগ্য ম্যানেজার, তাঁর একদা সতীর্থ মাইকেল ক্যারিক! দল পরিচালনার দায়িত্ব তাঁর হাতেই তুলে দেওয়া উচিত।
ছয় থেকে তিনে—পালাবদল চোখধাঁধানো
অ্যাস্টন ভিলাকে ৩-১ হারানোর পর সংবাদসংস্থা ‘বিবিসি’-কে রুনি বলেন, ‘১০০ ভাগ ওকেই চাকরিটা পাকাপাকিভাবে দেওয়া উচিত। খেলোয়াড়রা আরও ভাল খেলছে, দলটা একটা দলের মতো লাগছে। কেন বদলানো হবে?’
এই নয় ম্যাচের জয়যাত্রায় ম্যান সিটি ও আর্সেনালকে হারিয়েছে ইউনাইটেড। যে টিমকে সিজনের গোড়ায় দিশাহারা লাগছিল, তারাই হঠাৎ সংগঠিত! হারানো কঠিন। ব্রুনো ফার্নান্দেজ ও ক্যাসেমিরো ফিরে পেয়েছেন পুরনো ছন্দ। নতুন যোগ দেওয়া বেঞ্জামিন শেশকো গোল পাচ্ছেন। একাডেমি গ্র্যাজুয়েট কোবি মেইনু, আমোরিম-জমানায় উপেক্ষিত, যেন নতুন জীবন ফিরে পেয়েছেন!
নিজে অবশ্য ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ ক্যারিক। ভিলা ম্যাচের পর বললেন, ‘এটা শুধু কোলাহল, আমি কান দিই না। এখন যে দায়িত্বে আছি, সেটাই ভালভাবে করার চেষ্টা করছি!’
স্থায়ী দায়িত্ব কতটা ঝুঁকির?
ক্যারিকের পক্ষে যুক্তি জোরালো। খেলোয়াড় হিসেবে পাঁচবার প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ক্লাবের সংস্কৃতি তাঁর রক্তে। কিন্তু মাথায় রাখতে হবে, এর আগে ম্যানেজার হিসেবে দ্বিতীয় বিভাগের মিডলসব্রোয় তিন বছর কাজ করেছেন—যাদের প্রিমিয়ার লিগে তোলার অ্যাসাইমেন্টে সাফল্য পাননি।
আরেকটা প্রশ্ন ফিটনেস। হ্যারি ম্যাগুয়ারের মতো ডিফেন্ডার এখন সপ্তাহে একটা ম্যাচে নেমে ভাল ছন্দে আছেন। ইউনাইটেড এই মুহূর্তে সমস্ত কাপ প্রতিযোগিতা থেকে বাইরে। আগামী মরশুমে চ্যাম্পিয়নস লিগ যোগ হলে এই খেলোয়াড়রা ভার কতটা সামলাতে পারবেন—সেটা এখনও অজানা।
ফার্গুসনের পর থেকে ভ্যান গাল, মোয়েস, মোরিনহো, টেন হাগ, আমোরিম—কেউ পারেননি ইউনাইটেডকে পুরনো উচ্চতায় ফেরাতে। ক্যারিক সেই সুযোগ পাবেন কিনা, ঠিক করবেন স্পোর্টিং ডিরেক্টর জেসন উইলকক্স। আপাতত যা পরিস্থিতি, তাতে মে পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে পারলে নতুন কাউকে নিয়োগের সিদ্ধান্ত কিন্তু কঠিন হতে চলেছে।