ক্যারিকের হাত ধরে কৌশলে বদল আসছে বলে ইঙ্গিত। আমোরিমের তিন ডিফেন্ডারের সিস্টেম ছেড়ে তিনি সম্ভবত ৪-২-৩-১ ফরমেশনে ফিরবেন।
.jpeg.webp)
মাইকেল ক্যারিক
শেষ আপডেট: 13 January 2026 18:08
দ্য ওয়াল ব্যুরো: স্থায়ী সমাধান নয়, আপাতত আগুন নেভানোর বন্দোবস্ত। চলতি ২০২৫–২৬ মরশুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তী কোচ হিসেবে মাইকেল ক্যারিকের (Michael Carrick) সঙ্গে নীতিগত চুক্তিতে পৌঁছল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। মঙ্গলবার ক্লাব-ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, চুক্তির চূড়ান্ত কাগজপত্রে সইসাবুদ দ্রুত সেরে ফেলা হবে।
কেন ক্যারিকেই ভরসা?
৪৩ বছর বয়সি ক্যারিক ইতিমধ্যেই ক্লাবের ক্যারিংটন ট্রেনিং বেসে (Carrington training base) পৌঁছে গিয়েছেন। সেখানে পরিচালক জেসন উইলকক্সের (Jason Wilcox) সঙ্গে আলোচনা হওয়ার কথা। গত সপ্তাহেই তিনি ক্লাবের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জানা যাচ্ছে, কোচিং ভাবনা ও স্কোয়াড নিয়ে পরিকল্পনায় সিইও ওমর বেরাদা (Omar Berrada) ও উইলকক্স—দু’জনেই মুগ্ধ।
ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিক নতুন মুখ নন। ২০২১ সালের নভেম্বরে ওলে গানার সোলসারের (Ole Gunnar Solskjaer) বরখাস্তের পর তিন ম্যাচের জন্য অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলেছিলেন। তার আগে সোলসার ও জোসে মোরিনহোর (Jose Mourinho) কোচিং স্টাফের অন্যতম সদস্য ছিলেন ক্যারিক।
কেন আমোরিম ছাঁটাই?
ক্যারিক দায়িত্ব নিচ্ছেন সদ্য বরখাস্ত হওয়া রুবেন আমোরিমের (Ruben Amorim) জায়গায়। পরপর উলভস (Wolves) ও লিডসের (Leeds United) বিরুদ্ধে ১-১ ড্র-এর পরই তাঁর বিদায় নিশ্চিত হয়। সাময়িকভাবে দায়িত্ব সামলান ড্যারেন ফ্লেচার (Darren Fletcher)। বার্নলির বিরুদ্ধে ২-২ ড্র, এরপর এফএ কাপে ব্রাইটনের (Brighton) কাছে ২-১ হারের সাক্ষী থাকেন তিনি।
ক্যারিকের হাত ধরে কৌশলে বদল আসছে বলে ইঙ্গিত। আমোরিমের তিন ডিফেন্ডারের সিস্টেম ছেড়ে তিনি সম্ভবত ৪-২-৩-১ ফরমেশনে ফিরবেন। শুরুটা কিন্তু ভয়ানক চ্যালেঞ্জিং—শনিবারই ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে ডার্বি।
ইউনাইটেডের বর্তমান অবস্থা
লিগে টানা চার ম্যাচ জেতেনি ইউনাইটেড। শেষ জয় বক্সিং ডে-তে (Boxing Day) নিউক্যাসলের (Newcastle United) বিরুদ্ধে। লিগ টেবিলে তারা সপ্তম—শীর্ষে থাকা আর্সেনালের (Arsenal) থেকে ১৭ পয়েন্ট পিছনে। এফএ কাপ ও লিগ কাপ—দুটো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে দল। ফলে ১৯১৪–১৫ মরশুমের পর সবচেয়ে ছোট মরশুম মাঠে কাটাতে চলেছে ইউনাইটেড—মোট ম্যাচ মাত্র ৪০টি।
খেলোয়াড় হিসেবে ক্যারিকের পরিচিতি অবশ্যই বড় প্লাস। ম্যান ইউয়ের হয়ে ৪৬৪ ম্যাচ, পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ—এই পরিচয়ই আপাতত ভরসা। প্রশ্ন একটাই—এই ‘অন্তর্বর্তী’ অধ্যায় কি শুধু সময় কেনা? নাকি ভবিষ্যতের পথচলার প্রস্তাবনাও?