ম্যান ইউ বোর্ডের একাংশের যুক্তি পরিষ্কার—এটা স্থায়ী সমাধান নয়, কেবল কেয়ারটেকার। সেই হিসেবে ক্যারিকই সবচেয়ে ‘সেফ বেট’।

মাইকেল ক্যারিক
শেষ আপডেট: 12 January 2026 16:49
দ্য ওয়াল ব্যুরো: ম্যানচেস্টার ইউনাইটেডে (Manchester United) কোচ বদলের নাটক এখন শেষ অঙ্কে। ওলে গানার সোলসার (Ole Gunnar Solskjaer) ফেরার জল্পনা থাকলেও, কেয়ারটেকার কোচ হিসেবে আপাতত এগিয়ে প্রাক্তনী মাইকেল ক্যারিক (Michael Carrick)। ক্লাব-ঘনিষ্ঠ সূত্রের দাবি, আলোচনায় বাকিদের ছাপিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনিই।
কেন ক্যারিকই ফেভারিট?
রুবেন আমোরিম (Ruben Amorim) ছাঁটাইয়ের পর দ্রুত সিদ্ধান্ত চাইছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার অনুশীলনে ফেরার আগেই নতুন কেয়ারটেকার কোচ ঠিক করতে চায় ম্যান ইউ বোর্ড। সেই প্রেক্ষিতেই ক্যারিকের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়েছে। যিনি এর আগে ২০২১ সালে সোলসারের বিদায়ের পর তিন ম্যাচের জন্য অন্তর্বর্তী কোচ ছিলেন। সেই সময় তাঁর রেকর্ড—দুটি জয়, একটি ড্র। রালফ রাংনিক (Ralf Rangnick) আসার পর সরে যান তিনি। তবে ওই ছোট মেয়াদের কাজেই বোর্ডের ভরসা অর্জন করে ফেলেন।
সোলসার বনাম ক্যারিক: অভিজ্ঞতার নিরিখে
শনিবার সোলসারের সঙ্গে ফের মুখোমুখি আলোচনা হয়েছে ক্লাবের। কিন্তু বোর্ডের একটা অংশ মনে করছে, পুরনো অধ্যায় টেনে আনার বদলে আপাতত ‘লো-রিস্ক’ সমাধানই ভালো। ড্যারেন ফ্লেচার (Darren Fletcher) দায়িত্ব সামলালেও, ব্রাইটনের (Brighton) বিরুদ্ধে এফএ কাপ হারের পর তাঁর অধ্যায় কার্যত শেষ। এই পরিস্থিতিতে ক্যারিক-ই ‘পরিচিত পরিবেশে পরিচিত মুখ’। ড্রেসিংরুম, ক্লাব সংস্কৃতি—সবই তাঁর চেনা।
কোচ ক্যারিক: রেকর্ড কী বলছে?
খেলোয়াড় হিসেবে ক্যারিকের সাফল্য প্রশ্নাতীত—২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত ম্যান ইউ জার্সিতে ৪৬৪ ম্যাচ। কোচ হিসেবে অভিজ্ঞতা যদিও সীমিত। মিডলসব্রোতে (Middlesbrough) আড়াই বছরে ১৩৬ ম্যাচে জয়ের হার ৪৬ শতাংশের একটু বেশি। ২০২২–২৩ মরশুমে প্লে-অফে তুললেও পরের দু’টি মরশুমে টপ সিক্সে ঢুকতে না পারায় চাকরি যায়। তবু ম্যান ইউ বোর্ডের একাংশের যুক্তি পরিষ্কার—এটা স্থায়ী সমাধান নয়, কেবল কেয়ারটেকার। সেই হিসেবে ক্যারিকই সবচেয়ে ‘সেফ বেট’।