জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।

খালিদ জামিল
শেষ আপডেট: 14 August 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: আগেই ঠিক হয়ে গিয়েছিল কোনও বিদেশি নয়, ভারতের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের (National Coach) দায়িত্ব পালন করবেন খালিদ জামিল (Khalid Jamil)। অগস্টের শুরুতে এআইএফএফ (AIFF) এই ঘোষণা করলেও তখন জানানো হয়নি জামশেদপুর এফসির এই কোচের সঙ্গে কতদিনের চুক্তি হয়েছে। অবশেষে বুধবার (১৩ অগস্ট) সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, খালিদের সঙ্গে দুই বছরের (2 years contract) চুক্তি করা হয়েছে। তবে তাঁর আমলে যদি ভারতীয় ফুটবলের পারফরম্যান্স গ্রাফের উন্নতি হয়, তবে চুক্তি আরও এক বছর বর্ধিত হতে পারে।
এআইএফএফ জানিয়েছে, জামশেদপুর এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর জামিল চুক্তিতে স্বাক্ষর করেছেন। জামিল ১৫ আগস্ট বেঙ্গালুরুর দ্রাবিড়-পাড়ুকোন সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্সে তাঁর প্রথম প্রশিক্ষণ শিবির শুরু করবেন। ব্লু টাইগার্সের সঙ্গে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হবে সিএএফএ নেশনস কাপ, যেখানে ভারত গ্রুপ ‘বি’-তে আয়োজক দেশ তাজিকিস্তানের (২৯ আগস্ট), ইরানের (১ সেপ্টেম্বর) এবং আফগানিস্তানের (৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে।
এরপর খালিদের কোচিয়ে অক্টোবরের ফিফা উইন্ডোতে ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে দু’টি গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ম্যাচ খেলবে (৯ এবং ১৪ অক্টোবর)।
চুক্তি সম্পন্ন হওয়ার পর জামিল বলেন, "জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। বছরের পর বছর ধরে আমি ভারতীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়েছি এবং আমি তাদের শক্তি এবং দুর্বলতাগুলি খুব কাছ থেকে বুঝতে পেরেছি। সিএএফএ নেশনস কাপ এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে আসন্ন গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির জন্য ভারতীয় ফুটবল নিয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা কার্যকরী হবে বলে মনে করছি।" খালিদ মানোলো মার্কেজের স্থলাভিষিক্ত হয়েছেন, যাঁর চুক্তি গত মাসে এআইএফএফ বাতিল করেছে।
খালিদের আগে শেষ ভারতীয় কোচ হিসাবে মেন ইন ব্লুজের হেডস্যার ছিলেন স্যাভিও মেডেরা। তিনি ২০১২ সালে এই পদে নিযুক্ত ছিলেন।
খালিদের ইন্ডিয়ান সুপার লিগ এবং আই-লিগে দীর্ঘদিন কোচিং করিয়েছেন। আইএসএলে তিনি কোচিং করিয়েছেন জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসিকে। এছাড়াও কোচিং করিয়েছেন আইজল এফসি, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মুম্বই এফসির মতো ক্লাবকে। ২০১৬-১৭ মরশুমে তাঁর কোচিংয়েই আই-লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি।