বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৫ বছর।

পার্থ সেন
শেষ আপডেট: 14 August 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই ময়দানে শোকের আবহ। অজানা লোকে পাড়ি দিয়েছেন বাংলা ফুটবলের ফুটবলার তৈরির অন্যতম কারিগর পার্থ সেন (Partha Sen)। এবার যাঁর কোচিংয়ে কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে মামনি পাঠচক্র (Pathachakra)।
কলকাতা ময়দানে এখন ফুটবলের ভরা মরশুম। চলছে কলকাতা লিগ। পাশাপাশি ডুরান্ড কাপও চলছে। এর মধ্যেই এল পার্থ সেনের প্রয়াণের (Died) খবর। বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৫ বছর। অকৃতদার এই প্রশিক্ষক (Football Coach) ২০১০ থেকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত ছিলেন। চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ শীর্ষের দৌড়ে থাকা পাঠচক্র দলের প্রশিক্ষক ছিলেন তিনি।
২০১৬ সালে দিল্লিতে অনুষ্ঠিত মীর ইকবাল ট্রফিতে বাংলা সাব জুনিয়র দল চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর প্রশিক্ষণে। ২০১৯-এ গোয়ায় অনুষ্ঠিত সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলা দলের সহকারী প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন পার্থ। তাঁর হাত ধরে ময়দানে প্রতিষ্ঠিত হয়েছেন বহু তরুণ ফুটবলার। এই কৃতী প্রশিক্ষকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
চলতি কলকাতা লিগে প্রিমিয়র ডিভিশনের ‘এ’ গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সঙ্গেই রয়েছে পাঠচক্র। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে। তবে দলটি গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে তীব্র ভাবে রয়েছে। পার্থ সেনের মৃত্যুতে শুধু পাঠচক্রেরই নয়, অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলার ফুটবলেরও।