ঘনিয়ে উঠল বড় প্রশ্ন—২০২৬ বিশ্বকাপে আদৌ ইরানি ফুটবলারদের মাঠে দেখা যাবে? পরিস্থিতি আপাতত যেদিকে ঘুরেছে, তাতে জবাব আশাপ্রদ নয়।

ইরান ফুটবল টিম
শেষ আপডেট: 27 March 2026 13:41
দ্য ওয়াল ব্যুরো: গুঞ্জন চলছিল। এবার এল সরাসরি সরকারি নির্দেশ—‘শত্রু’ বলে চিহ্নিত দেশগুলোতে না ক্লাব, না জাতীয়—কোনও ফুটবল টিম খেলতে যাবে না। পশ্চিম এশিয়ার উত্তেজনার জেরে এমনই কঠোর সিদ্ধান্ত নিল ইরান (Iran)। আর তাতেই ঘনিয়ে উঠল বড় প্রশ্ন—২০২৬ বিশ্বকাপে (FIFA World Cup 2026) আদৌ ইরানি ফুটবলারদের মাঠে দেখা যাবে? পরিস্থিতি আপাতত যেদিকে ঘুরেছে, তাতে জবাব আশাপ্রদ নয়।
নিরাপত্তার কারণেই নিষেধাজ্ঞা?
ইরানের ক্রীড়া মন্ত্রক (Iran Sports Ministry) জানিয়ে দিয়েছে, আপাতত জাতীয় দল বা ক্লাব—কেউই এমন দেশে যাবে না, যাদের ‘শত্রুশিবির’ হিসেবে দেখা হচ্ছে। সরকারের যুক্তি সোজা। বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা ঘোরতর অনিশ্চিত। তাই ঝুঁকি নেওয়া ঠিক নয়। নির্দেশ ইতিমধ্যেই কার্যকর। ফলে আন্তর্জাতিক ম্যাচের সূচি, ভেন্যু—সবকিছু নতুন করে ভাবতে হচ্ছে ইরান ফুটবল ফেডারেশনকে (Iran Football Federation)। এমনকি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (AFC) প্রয়োজনে যাবতীয় নির্ঘণ্ট বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বকাপ খেলা আরও জটিল
সবচেয়ে বড় ধাক্কা এখানেই। আসন্ন বিশ্বকাপ (FIFA World Cup 2026) আয়োজিত হবে আমেরিকা (USA), কানাডা (Canada) ও মেক্সিকোতে (Mexico)। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরেই সবচেয়ে বেশি উত্তেজনা। ইরান–আমেরিকা সম্পর্ক দীর্ঘদিন ধরে তিক্ত। তার উপর সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি আরও জটিল করেছে। ফলে প্রশ্ন উঠছে—ইরান কি আদৌ আমেরিকার মাটিতে খেলতে যাবে?
জট কাটাতে অবশ্য ফিফার (FIFA) সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের (Mehdi Taj) বক্তব্য, প্রয়োজনে ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর কথাও ভাবা হচ্ছে। অর্থাৎ, দল যোগ্যতা অর্জন করলেও মাঠে নামা এখনও চূড়ান্ত নয়।
প্রস্তুতি চলছে, সঙ্গী অনিশ্চয়তা
এতশত সংশয়ের মধ্যেও প্রস্তুতি কিন্তু থামেনি। ইরান দল এখন তুরস্কে (Turkey) অনুশীলন করছে। সামনে প্রীতি ম্যাচ—নাইজেরিয়া (Nigeria) ও কোস্টা রিকার (Costa Rica) বিরুদ্ধে। এই লড়াই বিশ্বকাপের প্রস্তুতির অংশ। কিন্তু বাস্তব বলছে—পরিকল্পনা যতই জোরদার হোক, রাজনৈতিক ডামাডোল সবকিছু বদলে দিতে পারে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মন্তব্য করেছেন, ইরান দল খেলতে এলে আপত্তি নেই। কিন্তু তাতে নিরাপত্তা নিয়ে সংশয় এতটুকু দূর হচ্ছে না।