২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরান বিধ্বস্ত। সেই পরিস্থিতিতে ইরানের সরকার ও ফুটবল ফেডারেশনের বক্তব্য, মার্কিন মুলুকে দল পাঠানো সম্ভব নয়।

জিয়ানি ইনফান্তিনো
শেষ আপডেট: 20 March 2026 10:52
দ্য ওয়াল ব্যুরো: ইরান বারবার বলছে, আমেরিকায় খেলা সম্ভব নয়। মেক্সিকো বলছে, তারা ম্যাচ আয়োজনে রাজি। এর মধ্যে ফিফা (FIFA) কিন্তু এককথায় ‘না’ বলে দিল। কড়া ভাষায় জানাল—কোনও সূচি বদলানো হবে না। বৃহস্পতিবার ফিফার পরিচালনা পর্ষদের বৈঠকের পর সভাপতি জিয়ানি ইনফান্তিনোর (Gianni Infantino) স্পষ্ট বক্তব্য, ইরানের তিনটি গ্রুপ ম্যাচ আমেরিকা থেকে মেক্সিকোতে সরানোর প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, ‘আমাদের একটা সূচি আছে। সেই অনুযায়ীই বিশ্বকাপ হবে!’
ইরানের দাবি কী? ফিফা কী জানাল?
২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরান বিধ্বস্ত। সেই পরিস্থিতিতে ইরানের সরকার ও ফুটবল ফেডারেশনের বক্তব্য, মার্কিন মুলুকে দল পাঠানো সম্ভব নয়। ইরানের তিনটি ম্যাচ। দুটো লস অ্যাঞ্জেলেসের ইনগেলউড স্টেডিয়ামে ও একটি সিয়াটলে।
এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জানিয়ে দেন, তাঁর দেশ ইরানের ম্যাচ আয়োজনে রাজি। কিন্তু ফিফা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। ইনফান্তিনো বৈঠকের পর মন্তব্য করলেন ইরানের নাম না নিয়েই—ফুটবল শান্তির হাতিয়ার, যুদ্ধে ভুগছেন যাঁরা, ফিফা তাঁদের কথা ভাবছে। কিন্তু তার জন্য সূচি বদলানোর কোনও কারণ নেই।
প্যালেস্তাইন-ইজরায়েল বিতর্কে ‘নীরব’ ফিফা
একই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে প্যালেস্তাইন ফুটবল ফেডারেশন ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। পশ্চিম তীরের ইহুদি বসতি এলাকার ক্লাবগুলো ইজরায়েলের জাতীয় লিগে খেলছে—এটা ফিফার নিয়ম উল্লঙ্ঘন বলে দাবি ওঠে।
এই পরিস্থিতিতে ফিফা সিদ্ধান্ত নিয়েছে—কোনও ব্যবস্থা নেওয়া হবে না। কারণ, পশ্চিম তীরের আইনি মর্যাদা আন্তর্জাতিক আইনে এখনও অমীমাংসিত। ইনফান্তিনোর মন্তব্য, ‘ফিফা ভূরাজনৈতিক বিরোধ মেটাতে পারে না। কিন্তু ফুটবলের শক্তি দিয়ে সেতু গড়তে ও শান্তির পথে চলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ!’
উল্লেখ্য, গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে (Donald Trump) ফিফার বিশেষ শান্তি পুরস্কার দিয়েছিলেন। এখন সেই ট্রাম্পই জানিয়েছেন, ইরানের নিজেদের নিরাপত্তার জন্য না আসাই ভাল। মাঝামাঝি দাঁড়িয়ে ফিফার অবস্থান—খেলা হবে, সূচি মেনে। কিচ্ছুটি পাল্টানো হবে না।