নব্বই মিনিট শেষে দু’দলই দাঁড়ায় সাত পয়েন্টে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ভারত।

ভারত বনাম ইরান
শেষ আপডেট: 1 December 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: দুর্দান্ত কামব্যাক করে ২০২৬ অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপে জায়গা পাকা করল ভারত। রোববার আমদাবাদে ‘ডু অর ডাই’ ম্যাচে এশিয়ার ওজনদার দল ইরানকে ২-১ হারাল দেশের অনূর্ধ্ব-১৭ ব্রিগেড। গ্রুপ ডি-র এই ম্যাচে ভারতকে জিততেই হত। অন্যদিকে ইরানের দরকার ছিল কেবল এক পয়েন্ট। সেই চাপের মধ্যে দাঁড়িয়েও বড় সাফল্য তুলে নিলেন দেশের তরুণরা।
ম্যাচের শুরু ছিল পুরোপুরি ইরানের দখলে। গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে এসেছিল তারা, ভারতের ৪। ইরান বল দখলে রেখে দ্রুত পাস আদানপ্রদান করতে থাকে। প্রথম পনেরো মিনিটেই ভারতীয় গোলরক্ষক রাজরূপ সরকার (Rajrup Sarkar) দু’বার দুরন্ত সেভ করেন। যদিও ১৯ মিনিটে ডিফেন্সের ভুলে আমিররেজা ভালিপুরের (Amirreza Valipoor) গোলে ইরান এগিয়ে যায়।
কিন্তু ভারত ভেঙে পড়েনি। বরং, পিছিয়ে গিয়ে নিজেদের খেলায় আরও শৃঙ্খলা আনে দল। প্রেস সামলে, লাইন কমপ্যাক্ট রেখে দ্রুত ট্রানজিশনের মাধ্যমে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসা। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সেই চাপের ফল মেলে। ইরানের বক্সের ভিড়ভাট্টায় ফাউলের শিকার হিরাঙ্গনবা সেরাম (Heeranganba Seram)। যে কারণে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। অতিরিক্ত সময়ে স্পট কিক থেকে নিখুঁত শটে সমতা ফেরান দাল্লালমুয়োন গাংতে (Dallalmuon Gangte)। স্কোরলাইন ১-১ হতেই ডাগআউটে উচ্ছ্বাস—হাফটাইমেই ম্যাচ নিয়ন্ত্রেণে আনে ভারত।
দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মবিশ্বাস আরও বাড়ে। ৫২ মিনিটে ইরানের ডিফেন্ডার আমিরমহন আফরুজিয়ানি (Amirmahan Afrooziani) হেডে ক্লিয়ারে গিয়ে ভুল করেন। সুযোগের অপেক্ষায় থাকা গুনলেইবা ওয়াংখেরাকপাম (Gunleiba Wangkheirakpam) বল কন্ট্রোল করে শান্ত মাথায় গোল করে দলকে ২-১-এ এগিয়ে দেন।
এরপর মরিয়া হয়ে ওঠে ইরান। আক্রমণের ঝাঁঝ বাড়ায়, বক্সে ক্রস আছড়ে পড়তে থাকে। ৬৪ মিনিটে মাহান বহেশতির (Mahan Beheshti) ফ্রি-কিক অসাধারণ ক্ষিপ্রতায় রুখে দেন রাজরূপ সরকার। শেষ পর্যন্ত রক্ষণে শৃঙ্খলা বজায় রেখে চাপ সামলে ম্যাচের লিড ধরে রাখে ভারত। বক্সের ভিড়ে বিপজ্জনক মুহূর্ত তৈরি হলেও ডিফেন্স নিয়মিতভাবে বল দূরে সরাতে থাকে।
নব্বই মিনিট শেষে দু’দলই দাঁড়ায় সাত পয়েন্টে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ভারত। পাকা হয় ২০২৬ অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপে ভারতের টিকিটও—এ নিয়ে দশম বার!