বুয়েনস আইরেসে গতকাল রাতে বাধা মানল না আবেগ, গড়িয়ে পড়ল চোখের জলও। তারপর ময়দানে ধ্বংসাত্মক ফুটবলের কার্নিভাল! আর এই বিরোধাভাসের কেন্দ্রে একজনই: লিওনেল মেসি!

লিওনেল মেসি
শেষ আপডেট: 5 September 2025 14:20
দ্য ওয়াল ব্যুরো: বুয়েনস আইরেসে গতকাল রাতে বাধা মানল না আবেগ, গড়িয়ে পড়ল চোখের জলও। তারপর ময়দানে ধ্বংসাত্মক ফুটবলের কার্নিভাল! আর এই বিরোধাভাসের কেন্দ্রে একজনই: লিওনেল মেসি (Lionel Messi)! দু’বার বল জড়ালেন জালে। আর্জেন্তিনা একপেশে ম্যাচে ভেনেজুয়েলাকে (Venezuela) চুরমার করল। কিন্তু ম্যাচশেষে আর সবকিছু ছাপিয়ে বড় খবর মেসির ভবিষ্যৎ-অনিশ্চয়তা। যা জিইয়ে রাখলেন তিনি নিজেই। বলে দিলেন—‘আমি এখনও সিদ্ধান্ত নিইনি!’
ম্যাচের প্রথমার্ধের ৩৯তম মিনিটে দুরন্ত কাউন্টার-অ্যাটাকে জুলিয়ান আলভারেজের (Julian Alvarez) বাড়ানো বল পায়ে পড়তেই মেসি টপ-রাইট কর্নারে নিখুঁত নিশানা করেন। দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে নিকো গনজালেজ (Nico Gonzalez) বাম উইং থেকে ক্রস করলে লাউতারো মার্তিনেজের (Lautaro Martinez) ডাইভিং হেডারে গোল। চার মিনিট পর থিয়াগো আলমাদা (Thiago Almada)-র ক্রসে আবারও বল জালে পাঠিয়ে হাসি ফোটালেন মেসি। ফল ৩-০। ম্যাচ আলোচিত, আবেগ গাঢ়, ভবিষ্যৎ চর্চিত।
প্রশ্ন উঠল—২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি? মেসির কথায়, ‘এটা এমন কিছু নয় যা আমি পছন্দ করি, চাই বা আশা করি। কিন্তু সময় বয়ে যাচ্ছে এবং অনেক বছর হয়ে গেছে!’ আরও যোগ করেন, ‘দিন দিন আমি চেষ্টা করি শরীর ভালো আছে কি না তা জানার এবং সর্বোপরি, নিজে সৎ থাকার। ভাল থাকলে খেলা উপভোগ করি। কিন্তু যখন ভালো লাগে না, আমি কোনও নকল আনন্দের জন্য জোর করি না। আমি এখনও বিশ্বকাপ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেইনি। ম্যাচ-বাই-ম্যাচ সিজন শেষ করব, তারপর প্রি-সিজন, এবং ছয় মাস পরে দেখব কেমন আছি। আশা করি, এই এমএলএস মরশুম দুর্দান্তভাবে শেষ করতে পারব, ২০২৬ সালের প্রি-সিজন ভাল থাকব। তারপর সিদ্ধান্ত!’
কেরিয়ারের অন্ত্যপর্বেও মেসি দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা। ঝুলিতে ৩৬টি গোল। বয়স ৩৮। ২০২৬-এ ৩৯-এ পড়বেন। এই গাণিতিক বাস্তবতাকে অস্বীকারের জায়গা নেই। ফিটনেসের সংকট ঘনাতেই পারে। তা ছাড়া আর্জেন্টিনা আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। দলের রোস্টারেও তরুণ প্রতিভা যুক্ত হচ্ছে—জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদার মতো একাধিক নাম আশা জাগাচ্ছে। এই অবস্থায় মেসির খেলা মানে অভিজ্ঞতায় ফ্রন্টফুটে থাকা; অনুপস্থিত থাকলে দলকে নতুন চেহারায় সাজাতে হবে—যদিও তা অসম্ভব কিছু নয়।
মেসি নিজেই বারবার বলছেন—শুধু আগ্রহ নয়, শরীরকেই মাপকাঠি করবেন। টানা টুর্নামেন্টে জরুরি ভূমিকা থাকলেও ৩৯ বছর বয়সে ধারাবাহিকতা দেখানো কঠিন। তা ছাড়া আর্জেন্তিনা শিবিরে ইতিমধ্যে উত্তরাধিকারের পরিকল্পনা শুরু হয়েছে। মেসি না খেললে বাকি ফুটবলাররা বড় দায়িত্ব নিতে বাধ্য। আর এটাই দলীয় শৃঙ্খলাকে পরীক্ষার মঞ্চে টেনে আনবে।