ক্লাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, স্ট্রাসবুর্গের বর্তমান কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি চেলসির দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মত হয়েছেন। কাগুজে সই শুধু সময়ের অপেক্ষা।

লিয়াম রোজেনিয়র
শেষ আপডেট: 6 January 2026 15:52
দ্য ওয়াল ব্যুরো: চেলসির (Chelsea) নতুন হেডকোচ কে—এই প্রশ্নের উত্তর কার্যত দিয়েই দিলেন লিয়াম রোজেনিয়র (Liam Rosenior)। ক্লাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, স্ট্রাসবুর্গের (Strasbourg) বর্তমান কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি চেলসির দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মত হয়েছেন। কাগুজে সই শুধু সময়ের অপেক্ষা।
মৌখিক সম্মতি, সই বাকি
৪১ বছরের ইংরেজ কোচ লিয়াম রোজেনিয়র বলেন, ‘আমি এখনও সই করিনি। তবে সবকিছু ঠিক হয়ে গেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে।’নতুন বছরের প্রথম দিন ক্লাব ছাড়েন এনজো মারেসকা (Enzo Maresca)। তাঁর জায়গায় স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখতে চলেছেন রোজেনিয়র। যাঁর কথায়, ‘ক্লাব ও স্কোয়াড—দুই-ই অসাধারণ। ক্লাব বিশ্বকাপজয়ী দলে কাজ করার সুযোগ কেউ ফিরিয়ে দিতে পারে না।’
ব্লুকোর ছাতার তলায় দুই ক্লাব
স্ট্রাসবুর্গ ও চেলসি—দুটো ক্লাবই ব্লুকো (BlueCo) মালিকানাধীন, যার নিয়ন্ত্রণে টড বোলি (Todd Boehly) ও ক্লিয়ারলেক ক্যাপিটাল (Clearlake Capital)। ফলে কোচ বদলের এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই নজর কাড়ছে। রোজেনিয়র নিশ্চিত করেছেন, স্ট্রাসবুর্গের ফার্স্ট টিম কোচ কালিফা সিসে (Kalifa Cisse), সহকারী কোচ জাস্টিন ওয়াকার (Justin Walker) এবং হেড অব অ্যানালিসিস বেন ওয়ার্নার (Ben Warner)—তিনজনই তাঁর সঙ্গে চেলসিতে যোগ দেবেন।
প্রিমিয়ার লিগে কড়া পরীক্ষা
২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের দায়িত্ব নিয়ে রোজেনিয়র দলকে লিগ আঁ-তে (Ligue 1) সপ্তম স্থানে নিয়ে যান। আট বছর পর ইউরোপীয় প্রতিযোগিতার টিকিটও নিশ্চিত হয়। শনিবার নিসের (Nice) বিরুদ্ধে ১-১ ড্র-ই ছিল তাঁর শেষ ম্যাচ। সংবাদ সম্মেলনে রোজেনিয়র স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি এই ক্লাবকে ভালোবাসি। কিন্তু কিছু সুযোগ ফিরিয়ে দেওয়া যায় না। চেলসি সেই রকমই একটি ক্লাব।’ লক্ষ করার মতো বিষয়, রোজেনিয়র এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে (Premier League) কোচিং করাননি। তবু তাঁর দাবি, ‘আমি যদি প্রস্তুত না হতাম, এই দায়িত্ব নিতাম না।’
বর্তমানে চেলসি লিগে পঞ্চম। বুধবার ফুলহামের (Fulham) বিরুদ্ধে ম্যাচের আগে অন্তর্বর্তী কোচ ক্যালাম ম্যাকফারলেন (Calum McFarlane) দায়িত্ব সামলাচ্ছেন।