Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অপ্রত্যাশিত উত্থান, নির্মম পতন! প্রিমিয়ার লিগ জেতার ১০ বছর পর কোথায় দাঁড়িয়ে লেস্টার সিটি?

প্রিমিয়ার লিগ জয়ের এক দশক পর ক্লাব আবার চ্যাম্পিয়নশিপে। ইতিহাস বলছে, তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু এবার পথটা আগের চেয়ে অনেকটা কঠিন।

অপ্রত্যাশিত উত্থান, নির্মম পতন! প্রিমিয়ার লিগ জেতার ১০ বছর পর কোথায় দাঁড়িয়ে লেস্টার সিটি?

লেস্টার সিটি

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 August 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: যে মরশুমে সবাই ধরে নিয়েছিল তাদের অবনমন হতে পারে, সেই সিজনেই প্রিমিয়ার লিগের বাঘা বাঘা ক্লাবকে পেছনে ঠেলে খেতাব জিতেছিল লেস্টার সিটি। রূপকথা ইচ্ছেপূরণ করে। কিন্তু লেস্টার ২০১৬ সালে যে কাণ্ড করে দেখিয়েছিল, তাকে অলীক, অবাস্তব, অকল্পনীয়… ‘রূপকথা’র আগে যত বিশেষণ যোগ করা হোক না কেন, সবই কম মনে হয়!

আবার যখন প্রত্যাশা জানিয়ে দল প্রিমিয়ার লিগ জিতল, সবাই ভাবল এবার বুঝি ধারাবাহিকতা দেখিয়ে নিজেদের ক্যারিশমা বজায় রাখবে, হাতেগোনা চার-পাঁচখানা ক্লাবের মৌরসিপাট্টা থাবা বসিয়ে নিজেদের জায়গা গড়ে নেবে, তখনই ছন্দপতন! খেতাবজয়ী দল থেকে সোজা অবনমন। আবার ফিরে আসা। ফের দ্বিতীয় ডিভিশনের গহ্বরে প্রবেশ!

লেস্টার সিটি মানেই ভরপুর বিস্ময়, অপ্রত্যাশিত মোচড়! ইংলিশ ফুটবলে তাদের শেষ দশ বছরের জার্নি এক উথাপাথাল অভিযাত্রা!  তাতে যেমন আছে উত্থান, আছে গৌরব। তেমনই থাবা বসিয়েছে শোক, অবনমন!

২০১৬। কিং পাওয়ার স্টেডিয়াম এক অবিশ্বাস্য কাহিনির সাক্ষী থাকল। প্রিমিয়ার লিগের শিরোপা উঠল লেস্টারের হাতে। অতিবড় অনুরাগী যা স্বপ্নেও ভাবেননি। ক্লদিও রানিয়েরির নেতৃত্বে সেই অসম্ভবকে সম্ভব করে ইতিহাসে নাম লিখলেন জেমি ভার্ডি, এঙ্গোলো কন্তেরা!

কিন্তু শোক-আনন্দ… লেস্টারের কপালে কিছুই যেন স্থায়ী নয়। এমন অকল্পনীয় সাফল্যের দু’বছর বাদে, ২০১৮ সালে, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্লাবের মালিক ও চেয়ারম্যান ভিচাই শ্রীবদ্ধনপ্রভা। যে মানুষটি লেস্টারের স্বপ্নের কারিগর, তিনিই অকালে চলে গেলেন।

আগের সিজন প্রিমিয়ার লিগে নামার পর রেলিগেশনের কোপে পড়ে চলতি মরশুমে চ্যাম্পিয়নশিপে। তিন বছরের মধ্যে দ্বিতীয় অবনমন। তার উপর মাথায় ঝুলছে শাস্তির খাঁড়া! প্রিমিয়ার লিগে ওঠার সময় আয়ব্যয়ের নিয়মভঙ্গের অভিযোগ। যা সত্যি প্রমাণিত হলে আর্থিকভাবে তো বটেই, আরও নীচের ডিভিশনের অতলে নামতে হতে পারে।

সমর্থকদের দুঃসহ মানসিক অবস্থার কথা পেশ করেছেন লেস্টারের আজীবন সমর্থক এবং বিবিসি স্পোর্টসের নিয়মিত ধারাভাষ্যকার কেট ব্লেকমোর। তাঁর কথায়, ‘গত দশ বছর ছিল খানাখন্দে ভরা। এই উত্থান, এই পতন! ভিচাইয়ের মৃত্যুতে ট্র্যাজেডি ঘনিয়ে এসেছে। এফএ কাপ জিতেছি, যা অপ্রত্যাশিত! প্রিমিয়ার লিগ জয়ও তো স্বপ্নের বাইরে ছিল। অসাধারণ সব সাফল্য। অথচ আজ তিন বছরে দ্বিতীয়বার রেলিগেশন! শুরুটা যেভাবে হয়েছিল, শেষটা একেবারেই অন্যরকম!’

জার্নির শুরুয়াত ২০১৪ সালে। লেস্টার ফিরল প্রিমিয়ার লিগে, দশ বছর পর। প্রথম সিজনেই ম্যানেজার নিগেল পিয়ারসনের দাক্ষিণ্যে ‘গ্রেট এসকেপ’—কোনও মতে অবনমনের আওতা এড়ানো। তারপর রানিয়েরির জাদু—প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল। তৃতীয় ধাপে ব্রেন্ডন রজার্সের যুগ। এফএ কাপ, কমিউনিটি শিল্ড জয়, ২০২২ সালে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল। প্রিমিয়ার লিগের সেরা দশে জায়গা পাকা।

কিন্তু এই তাল ফের হঠাৎ করেই কেটে গেল। আবার আকস্মিক পতন! ২০২৩ সালে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও সর্বোচ্চ বেতনের স্কোয়াড সত্ত্বেও লেস্টার রেলিগেটেড হয়। ব্লেকমোরের মন্তব্য তাই যথার্থ—‘লেস্টারকে নিয়ে কিছুই আগে থেকে বলা যায় না। চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগ, তারপর চ্যাম্পিয়ন্স লিগ—মনে হচ্ছিল আমরা প্রিমিয়ার লিগের টপ-এইটের নিয়মিত দল! তারপর হঠাৎ সবকিছু ভেঙে পড়ল। এর আড়ালে কোনও একটা কারণ বলাটা অসম্ভব!’

বিশ্লেষকদের মতে, লেস্টারের পতনের সবচেয়ে বড় কারণ অর্থনীতি। ব্যয়ের সীমা মেনে চলার পাকেচক্রে দলকে ঢেলে সাজানো যায়নি। হ্যারি ম্যাগুয়ার ২০১৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ৮০ মিলিয়নে যোগ দেন। রিয়াদ মাহরেজকে ২০১৮-তে ম্যান সিটি ৬০ মিলিয়নে কিনে নেয়। বড়মাপের ট্রান্সফার বলতে এটাই।

সাম্প্রতিক সিজনে এই বিক্রিবাটা তলানিতে এসে ঠেকেছে। যার নিট ফল বিপুল আর্থিক লোকসান। ২০২১-২২ মরশুমে ক্ষতি ৯২.৫ মিলিয়ন পাউন্ড। ২০২২-২৩ সিজনে আরও ৮৯.৭ মিলিয়ন। তিন বছর মিলিয়ে সাকুল্যে লোকসান ২১৫ মিলিয়ন পাউন্ড। আর এতকিছুর পরে দুবার ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস’ ভাঙার অভিযোগে অভিযুক্ত হয়েছে লেস্টার সিটি। গত বছর প্রিমিয়ার লিগের শাস্তি এড়ানো সম্ভব হলেও এবার ফের তদন্ত শুরু হয়েছে। যে কারণে প্রাক্তন ম্যানেজার ব্রেন্ডন রজার্স গদি ছাড়ার আগে সাফ সাফ বলে দেন, ‘ক্লাবটা আর কয়েক বছর আগের মতো নেই!’

এই খেদোক্তি নির্মম সত্যি!

দীর্ঘ ১৬ বছর লেস্টারের গোলরক্ষক কোচ ছিলেন মাইক স্টোয়েল। লিগ ওয়ান থেকে প্রিমিয়ার লিগ জয়—সবকিছুর সাক্ষী। তাঁর স্মৃতিচারণা স্পষ্ট করে দেয় এই যাত্রার জটিলতা—‘দারুণ সব সময় কেটেছে। কিন্তু তা কখনও মসৃণ ছিল না। প্রিমিয়ার লিগ জেতার পরও আমরা নামেমাত্র বিনিয়োগ করেছি। লিভারপুলের মতো দল লিগ জিতে ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করে। আমরা সেই লড়াই লড়তেই পারিনি! ফুটবলে দাঁড়িয়ে থাকলে পিছিয়ে পড়তে হয়। ধারাবাহিকতা রাখতে হলে আবারও বড় বিনিয়োগ জরুরি!’

গত সিজনে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হতে হয়েছে। অথচ তার আগের বছর এনজো মারেস্কার ছত্রচ্ছায়ায় ৯৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছিল লেস্টার। মারেস্কা এখন চেলসিতে, লিগজয়ের স্বপ্নে অধীর। আর তাঁর পুরনো ক্লাব ফের ফিরেছে চ্যাম্পিয়নশিপে!

এবার হট সিটে মার্তি সিফুয়েন্তেস। মারেস্কার মতোই আক্রমণাত্মক ফুটবল আর বল দখলকেন্দ্রিক দর্শন। কিন্তু ক্লাবের ‘ভাঁড়ে মা ভবানী’ অবস্থা! কার্যত ফুটবলার কেনার কোনও অর্থ নেই। ট্রান্সফার উইন্ডোয় একমাত্র সই (ফ্রি এজেন্ট) গোলকিপার আসমির বেগোভিচ। অবসর নিয়েছেন স্ট্রাইকার জেমি ভার্ডি। তাঁর শূন্যস্থান পূরণ হয়নি। সিফুয়েন্তেস জানেন চাপ কতটা গুরুতর! একটি সাক্ষাৎকারে বলেছেন—‘দশ বছর আগে এই ক্লাব যা করেছিল, সেটা সাম্প্রতিক খেলাধুলার ইতিহাসে অসাধারণ সাফল্য। প্রত্যাশা মানে উচ্চাকাঙ্ক্ষা। আর চাপের মধ্যে কাজ করতেই আমি স্বচ্ছন্দ!’

ধারাবাহিকতা আসে বিনিয়োগে, স্থিরতায় আর সঠিক পরিকল্পনায়। লেস্টারের ঘূর্ণিপাক সেই সত্য ফের একবার প্রমাণ করল। প্রিমিয়ার লিগ জয়ের এক দশক পর ক্লাব আবার চ্যাম্পিয়নশিপে। ইতিহাস বলছে, তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু এবার পথটা আগের চেয়ে অনেকটা কঠিন।


```