এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ দ্বৈরথ! এতিহাদে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অন্যদিকে সাউদাম্পটনের বিরুদ্ধে ত্রিমুকুটের লক্ষ্যে নামছে আর্সেনাল। চেলসির সংকট ও এফএ কাপের বিস্তারিত পড়ুন।

শেষ আপডেট: 3 April 2026 15:33
দ্য ওয়াল ব্যুরো: এফএ কাপের কোয়ার্টার ফাইনালে একের পর এক হাইভোল্টেজ লড়াই। ম্যান সিটি বনাম লিভারপুল—সিজনের সেরা ম্যাচটা হতে পারে এটাই। অন্যদিকে প্রিমিয়ার লিগের এই মুহূর্তে ‘ফার্স্ট বয়’ আর্সেনাল নামছে সাউদাম্পটনের বিরুদ্ধে—চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ মিলিয়ে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে। পাশাপাশি চেলসির সামনে পোর্ট ভেল আর প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে সামিল দুই ক্লাব ওয়েস্ট হ্যাম ও লিডস মুখোমুখি।
ম্যানচেস্টার সিটি (Manchester City) এখনও পর্যন্ত সিজনের সেরা পারফরম্যান্স দেখিয়েছে আর্সেনালকে ২-০ হারিয়ে লিগ কাপ জিতে। সেই ছন্দে থেকে এবার এফএ কাপেও ঘরোয়া ট্রেবল জেতার টার্গেট নিয়ে মাঠে নামছে পেপ গুয়ার্দিওলার দল—২০১৮-১৯-এর পর।
প্রতিপক্ষ লিভারপুল (Liverpool FC) প্রিমিয়ার লিগে পঞ্চম। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপারক্ষার সম্ভাবনা শেষ। এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগই একমাত্র ভরসা। এতিহাদে হারলে ডাচ কোচ আর্নে স্লটের চাকরি নিয়েও টানাটানি শুরু হতে পারে। আগামিকালের ম্যাচের বাড়তি আবেগ—মহম্মদ সালাহ (Mohamed Salah)। মরসুম শেষে অ্যানফিল্ড ছাড়ছেন। ক্লাবের জার্সিতে ২৫৫ গোল। শেষটা যদি খেতাব দিয়ে হয়—সেটা আক্ষরিক অর্থে ‘স্বপ্নের বিদায়’!
সাউদাম্পটনের বিরুদ্ধে আর্সেনালের (Arsenal FC) মাঠে নামার আগে ম্যানেজার মিকেল আর্তেতার কপালে চিন্তার ভাঁজ। আন্তর্জাতিক বিরতিতে ডেকলান রাইস, বুকায়ো সাকা, উইলিয়াম সালিবা-সহ দশজন কমবেশি চোটের কবলে। তবু স্বপ্ন বড়। প্রিমিয়ার লিগে ৯ পয়েন্টের লিড, চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারে স্পোর্টিং লিসবন— সহজ ড্র। শুধু এফএ কাপ জিতলেই ত্রিমুকুট। লিগ কাপ হাতছাড়া হয়েছে। বাকি তিনটে কি ছিনিয়ে নিতে পারবে গানার্সরা?
চেলসির (Chelsea FC) অবস্থা কার্যত বেহাল। পরপর চারটি ম্যাচে হার, ছ’বছরের চুক্তিতে সই করা কোচ লিয়াম রোজেনিয়ারের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত। সহ-অধিনায়ক এনজো ফার্নান্দেজ ও অভিজ্ঞ তারকা মার্ক কুকুরেয়া আলাদা আলাদাভাবে আগের কোচকে (এনজো মারেসকা) দুম করে ছাঁটাইয়ের জন্য ক্লাবের নীতিগত সমালোচনা করেছেন। তার উপর ২৬২ কোটি টাকার রেকর্ড ক্ষতির খবর বেরিয়েছে। আগামিকাল প্রতিপক্ষ পোর্ট ভেল লিগ ওয়ানের তলানির দল। বিরাট কোনও অঘটন না ঘটলে চেলসির সেমিফাইনালে ওঠা একপ্রকার নিশ্চিত।
প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম রেলিগেশন জোনে, চার পয়েন্টে এগিয়ে লিডস ইউনাইটেড। দুই দলের অগ্রাধিকার যে কোনও মূল্যে শীর্ষ ডিভিশনে টিকে থাকা। কিন্তু এফএ কাপ সেমিফাইনালের হাতছানিও কম আকর্ষণীয় নয়—লিডস শেষবার এতদূর গিয়েছিল ১৯৮৭ সালে। ফলে এই লড়াই অনেক ‘ওপেন’ হতে চলেছে।
ম্যাচের সময়সূচি:
ম্যান সিটি বনাম লিভারপুল, শনিবার, বিকেল ৫টা ১৫
চেলসি বনাম পোর্ট ভেল, শনিবার, রাত ৯টা ৪৫
সাউদাম্পটন বনাম আর্সেনাল, শনিবার, রাত ১২টা ৩০
ওয়েস্ট হ্যাম বনাম লিডস ইউনাইটেড, রবিবার, রাত ৯টা
সমস্ত খেলা জিওহটস্টার ও স্টার স্পোর্টসে লাইভ লেখা যাবে।