শিরোপা দখলের দৌড়ে তাই ছবিটা স্পষ্ট—আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি, আর একটু দূরে থেকেও চুপিসারে ধাওয়া করছে অ্যাস্টন ভিলা।

দুরন্ত ফর্মে সিটি
শেষ আপডেট: 15 December 2025 10:56
দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগের (Premier League) শিরোপা দৌড়ে চাপের পারদ ফের চড়াল ম্যানচেস্টার সিটি (Manchester City)। রবিবার সেলহার্স্ট পার্কে (Selhurst Park) ক্রিস্টাল প্যালেসকে (Crystal Palace) ৩–০ গোলে উড়িয়ে দিয়ে লিগ লিডার আর্সেনালের (Arsenal) থেকে দূরত্ব কমিয়ে দুই পয়েন্টে নামাল পেপ গুয়ার্দিওলার দল। একই দিনে নাটকীয় জয় তুলে নিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের নাম জোরালোভাবে জুড়ে দিল অ্যাস্টন ভিলা-ও (Aston Villa)।
শনিবার উলভসের (Wolves) বিরুদ্ধে কষ্টার্জিত ২–১ জয়ে আর্সেনাল সিটিকে চ্যালেঞ্জ ছুড়েছিল। গতকাল জবাব দিতে নেমে গুয়ার্দিওলার দল শুরুতে খানিকটা চাপে পড়লেও সুযোগ নষ্টের খেসারত দিল প্যালেস। প্রথমার্ধে অ্যাডাম হোয়ার্টনের (Adam Wharton) শট পোস্টে লেগে ফিরে আসে। এমনই একগুচ্ছ চান্স মিস হতেই ম্যাচের রাশ সিটির হাতে।
আর্লিং হলান্ড (Erling Haaland) প্রথমার্ধে তুলনামূলকভাবে নিস্তেজ থাকলেও বিরতির ঠিক আগে ম্যাথেউস নুনেসের (Matheus Nunes) নিখুঁত ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে প্যালেস শুরুটা ভালো করে। কিন্তু আবারও ফিনিশিং ব্যর্থ। সুযোগের সদ্ব্যবহার করে ৬৫ মিনিটে ফিল ফোডেন (Phil Foden) দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান। শেষদিকে সাভিনিওকে (Savinho) ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন হলান্ড। এই নিয়ে শেষ চার লিগ ম্যাচে ফোডেনের গোল ছ’টি। এহেন অনবদ্য পারফরম্যান্স গ্যালারিতে উপস্থিত ইংল্যান্ড কোচ টমাস টুখেলের নজর এড়ায়নি।
ম্যাচের পর গুয়ার্দিওলা স্বীকার করেন, ‘এখানে খেলা কঠিন। ওরা বল পেলেই ভয়ংকর আক্রমণ করে। আমরা ধৈর্য রেখেছি। দ্বিতীয়ার্ধে হলান্ড অসাধারণ!’ এই জয়ে সিটি বুঝিয়ে দিল—শুধু আর্সেনাল নয়, ছন্দে থাকলে তারাও খেতাব জয়ের অন্যতম দাবিদার।
অন্যদিকে, লন্ডন স্টেডিয়ামে (London Stadium) এক নাটকীয় রাত উপহার দিল অ্যাস্টন ভিলা। ওয়েস্ট হ্যামের (West Ham) বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ৩–২ জয় তুলে নেয় উনাই এমেরির দল। ম্যাচ শুরুর ২৯ সেকেন্ডেই গোল খাওয়ার পরও দমে যায়নি ভিলা। কনস্টান্টিনোস মাভ্রোপানোসের (Konstantinos Mavropanos) আত্মঘাতী গোলে সমতা ফেরে। জ্যারড বোয়েনের (Jarrod Bowen) গোলে আবার পিছিয়ে পড়লেও মরগান রজার্স (Morgan Rogers) ম্যাচে ফেরান দলকে। শেষ পর্যন্ত তাঁর দূরপাল্লার দুরন্ত শটেই জয় নিশ্চিত! যার সুবাদে আর্সেনালের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে ভিলা—যারা মরসুমের প্রথম চার ম্যাচে একটিও গোল পায়নি।
দিনের অন্য ম্যাচগুলোতেও চমক। নটিংহ্যাম ফরেস্ট (Nottingham Forest) ৩–০ গোলে উড়িয়ে দিল টটেনহ্যামকে (Tottenham Hotspur)। কালম হাডসন-ওডোইয়ের (Callum Hudson-Odoi) জোড়া গোল ও ইব্রাহিম সাঙ্গারের (Ibrahim Sangare) গোল ফরেস্টকে অবনমন জোন থেকে পাঁচ পয়েন্ট দূরে রাখল। আর প্রায় এক দশক পর প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়ে নিউক্যাসলকে (Newcastle United) ১–০ হারাল সান্ডারল্যান্ড (Sunderland)—নিক ভোল্টেমাডের (Nick Woltemade) আত্মঘাতী গোলেই পার্থক্য।
শিরোপা দখলের দৌড়ে তাই ছবিটা স্পষ্ট—আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি, আর একটু দূরে থেকেও চুপিসারে ধাওয়া করছে অ্যাস্টন ভিলা।