চলতি মরসুমে লিভারপুলের এটা দশ নম্বর পরাজয়। প্রিমিয়ার লিগ শিরোপার জোরালো দাবিদার ছিল যে দল, তারা এখন শীর্ষ পাঁচে থাকার লড়াই চালাচ্ছে।

এভার্টন বনাম চেলসি
শেষ আপডেট: 22 March 2026 10:40
দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগে (Premier League) শনিবার দুটো বড় ধাক্কা। একদিকে লিভারপুল (Liverpool FC) ব্রাইটনের কাছে ২-১ গোলে নাস্তানাবুদ হল। অন্যদিকে এভার্টনের মাঠে তিন গোলে কিস্তিমাত খেল চেলসি (Chelsea FC)। শেষ তিন ম্যাচে লিভারপুলের সংগ্রহে মাত্র এক। আর চেলসির এটা পরপর চারটে হার। যার জেরে এই দুটো দলের চ্যাম্পিয়নস লিগে ওঠার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে আসছে।
লিভারপুলের হোঁচট
মাত্র ক'দিন আগে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারেকে ৪-১ অ্যাগ্রিগেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। কিন্তু ঘরোয়া মঞ্চে ছবিটা সম্পূর্ণ আলাদা। ব্রাইটনের অ্যামেক্স স্টেডিয়ামে ডেনি ওয়েলবেক দুই গোল করে ম্যাচের নায়ক। লিভারপুলের হয়ে মিলোস কেরকেজ সমতা ফেরালেও লাভের লাভ হয়নি। হারতে হল ২-১-এ।
কোচ আর্ন স্লট (Arne Slot) কারণ হিসেবে চোটজনিত অনুপস্থিতির কথা বললেন। অ্যালিসন বেকার ও মহম্মদ সালাহ নেই। শীর্ষ গোলদাতা হুগো একিতিকে চোটের জেরে প্রথমার্ধেই ময়দান ছাড়লেন। যাকে সামনে টেনে স্লটের বক্তব্য, ‘ব্রাইটনে জেতা যে কোনও দলের জন্যই কঠিন। কিন্তু এই হার বেশ কষ্ট দিচ্ছে!’
চলতি মরসুমে লিভারপুলের এটা দশ নম্বর পরাজয়। প্রিমিয়ার লিগ শিরোপার জোরালো দাবিদার ছিল যে দল, তারা এখন শীর্ষ পাঁচে থাকার লড়াই চালাচ্ছে। সামনে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারে পিএসজি ও এফএ কাপে ম্যান সিটি… দুটোই কঠিন চ্যালেঞ্জ।
চেলসির হতাশা
চেলসির অবস্থা আরও ভয়াবহ! এভার্টনের কাছে ৩-০-তে হার—বেতো করলেন দু’গোল, ইলিমান এনদিয়ে একটি। এই পরাজয়ের জেরে চেলসি ‘টপ ফাইভে’ ঢুকতে পারল না। কোচ লিয়াম রোজেনিয়ারের (Liam Rosenior) জন্য এটা বড় মাথাব্যথা—সামনের সিজনের চ্যাম্পিয়নস লিগের টিকিট জোগাড় করতে না পারলে কুর্সি ছাড়তে হতে পারে! দলে ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগ জেতা খেলোয়াড় , কিন্তু ফর্ম তলানিতে। মালিকপক্ষ কতদিন ধৈর্য ধরে—এখন সেটাই দেখার।
রোজেনিয়ার যদিও মচকাতে নারাজা। বললেন, ‘অনেক নেতিবাচক কথা হচ্ছে। সেটা ভুলে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আন্তর্জাতিক বিরতি আমাদের জন্য ভাল সময় এসেছে!’ চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৮-২ অ্যাগ্রিগেট হারের ক্ষত এখনও তাজা। সেটা গতকালের পারফরম্যান্সে স্পষ্ট বোঝা গিয়েছে।
অন্যদিকে এভার্টন আচমকাই অবনমন-যুদ্ধ এড়িয়ে ইউরোপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে। চেলসিকে উড়িয়ে দেওয়ার সুবাদে তারা লিভারপুলের থেকে মাত্র তিন পয়েন্ট পিছনে। আগামী মাসে মার্সিসাইড ডার্বি। জিতলে ইউরোপা লিগের ছাড়পত্র দখলের দৌড়ে সামিল হবে ডেভিড মোয়েসের ছেলেরা।
উল্লেখ্য, আর্সেনাল (Arsenal FC) শিরোপা জয়ের রেসে একচ্ছত্রভাবে এগিয়ে। দ্বিতীয় স্থানে ম্যান সিটি, তারপর ম্যান ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা। চেলসি ও লিভারপুল এখন পঞ্চম স্থানের লড়াইয়ে। টপ পাঁচে থাকলে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত। কিন্তু শেষোক্ত দুই টিমের বর্তমান ফর্ম সেই লক্ষ্যকে অনিশ্চিত করে তুলছে।