কোয়ার্টার ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ বা আটালান্টা। পিএসজির প্রতিপক্ষ গালাতাসারে বা লিভারপুল। চূড়ান্ত নাম ঠিক হবে আজ। স্পোর্টিংয়ের সামনে আর্সেনাল।

ভিনিসিয়াস জুনিয়র
শেষ আপডেট: 18 March 2026 11:01
দ্য ওয়াল ব্যুরো: দুটো দলের কাছেই টার্গেট ছিল পরিষ্কার। পরের রাউন্ডে যেতে হলে অন্তত ৩ গোলের ঘাটতি মুছতে হবে৷ ঘরের মাঠে খেলা। সমর্থকদের উন্মাদনা। সবই ছিল৷ শুধু ছিল না ফুটবলারদের জেদ। যার খেসারত চুকিয়ে এবারের মতো চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল চেলসি ও ম্যানচেস্টার সিটি৷ দুই লেগ মিলিয়ে সহজ জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে যথাক্রমে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গী আর্সেনাল ও স্পোর্টিং লিসবন৷ নিজেদের মাঠে যারা পরাস্ত করল বায়ার লেভারকুসেন ও বোডো/গ্লিমট-কে৷
রিয়াল-পিএসজির ঠান্ডা মাথায় কাজ সারা
স্ট্যামফোর্ড ব্রিজে পিএসজি (PSG) মাত্র ১৪ মিনিটের মধ্যে দুটো গোল করে লড়াই শেষ করে দেয়। কাভারৎস্কেলিয়া, বার্কোলা ও মায়ুলুর গোলে ৩-০ স্কোরলাইনে সহজ জয়। দুই লেগ মিলিয়ে ৮-২। ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসির কাছে হারের প্রতিশোধ নিল ফরাসি চ্যাম্পিয়নরা—একেবারে ঠান্ডা মাথায়।
এতিহাদে আরও নাটকীয় পরিণতি ম্যান সিটির (Manchester City)। মাত্র ২০ মিনিটে অধিনায়ক বার্নার্দো সিলভা লাল কার্ড দেখলেন। দশ জনে পরিণত সিটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr) দুটো গোল করলেন। রিয়াল মাদ্রিদ জিতল ২-১। দুই লেগে ৫-১—পরপর তিন নম্বর বার চ্যাম্পিয়নস লিগে সিটিকে বিদায় করল রিয়াল।
আর্সেনালের জয়, চতুর্মুকুটের স্বপ্ন জীবন্ত
লেভারকুসেনের বিরুদ্ধে ঘরে ২-০-তে জিতল আর্সেনাল (Arsenal FC)। দুই লেগে ৩-১। প্রথম গোল ইবেরেচি এজে-র, দ্বিতীয় ডেক্লান রাইসের। ইংলিশ দলগুলোর মধ্যে একমাত্র আর্সেনালই কোয়ার্টার ফাইনালে। প্রিমিয়ার লিগে শীর্ষে, চ্যাম্পিয়নস লিগে ক্রমশ আগুয়ান—গানার্সদের কোয়াড্রুপল বা চতুর্মুকুটের স্বপ্ন এখনও বেঁচে।
ইতিহাস গড়ল স্পোর্টিং
রাতের সবচেয়ে বড় গল্পটা লেখা হল লিসবনে। প্রথম লেগে বোডো/গ্লিমটের (Bodo/Glimt) মাঠে ৩-০ হেরে ফিরেছিল স্পোর্টিং সিপি (Sporting CP)। গতরাতে ঘরের মাঠে ৫-০—অতিরিক্ত সময়ে। গনসালো ইনাসিও, পেদ্রো গনসালভেস ও লুইস সুয়ারেস মূল সময়ে সমতা ফেরালেন, তারপর মাক্সি আরাউহো ও রাফায়েল লেয়াওয়ের গোলে ম্যাচ সিল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় সেরা কামব্যাক—২০১৭ সালে বার্সেলোনার বিখ্যাত প্রত্যাবর্তনের ঠিক পরেই।
যদিও এতকিছুর ভিড়ে মিলিয়ে গেল নরওয়ের ছোট্ট শহরের দল বোডো/গ্লিমটের বিদায়। এই টুর্নামেন্টে একাধিক বড় দলকে চ্যালেঞ্জ করেছে তারা। প্রস্থান সত্ত্বেও তাদের অভিযান মনে থাকবে।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ বা আটালান্টা। পিএসজির প্রতিপক্ষ গালাতাসারে বা লিভারপুল। চূড়ান্ত নাম ঠিক হবে আজ। স্পোর্টিংয়ের সামনে আর্সেনাল।