২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সদস্য ফার্নান্দেজ এ বছর আমেরিকায় বিশ্বকাপে শিরোপারক্ষার অভিযানে নামবেন। এরপর তাঁর ভবিষ্যৎ কোথায়—চেলসিতেই, নাকি অন্য কোথাও, তা মেসির সতীর্থ খোলসা করেননি।

এনজো ফার্নান্দেজ
শেষ আপডেট: 19 March 2026 18:21
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে দুই লেগ মিলিয়ে গড়ে ৮-২-এ হার। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ৩ গোলে লজ্জার পরাজয়। আর সেই ম্যাচের পরেই স্প্যানিশ চ্যানেল ‘ইএসপিএন আর্জেন্তিনা’কে দেওয়া সাক্ষাৎকারে এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez) জানিয়ে দিলেন—চেলসিতে পরের মরসুমে থাকবেন কিনা, তা এখনই বলতে পারছেন না। জবাব এল ছোট বাক্যে—‘আমি জানি না’। এই তিনটি শব্দই যথেষ্ট। যা কানে যেতেই চেলসি সমর্থকদের মাথায় ভেঙে পড়েছে বাজ, সোশ্যাল মিডিয়ায় দানা বেঁধেছে হাজারো জল্পনা।
ঠিক কী বলেছেন ফার্নান্দেজ?
সাংবাদিকের প্রশ্ন ছিল, পরের সিজনেও চেলসিতে থাকার নিশ্চয়তা দিতে পারবেন? এর উত্তরে ২৫ বছরের আর্জেন্তিনীয় মিডফিল্ডার সটান বলে দেন, ‘জানি না। আপাতত শুধু এখানকার কথা ভাবছি। প্রিমিয়ার লিগে আট ম্যাচ বাকি, এফএ কাপও আছে। তারপর বিশ্বকাপ। তখন দেখা যাবে!’
এমন কথায় কোচের প্রতিক্রিয়া? ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে চেলসি ম্যানেজার লিয়াম রোজেনিয়রের জবাব, তিনি এই মন্তব্য শোনেননি। শনিবার এভার্টনের বিরুদ্ধে ম্যাচ। এখন সেদিকেই যাবতীয় মনোযোগ দিচ্ছেন।
এজেন্ট বদলেছেন, নতুন এজেন্সিতে পাস্তোরে
আসলে এহেন জবাবের আগেই ফার্নান্দেজের কেরিয়ারে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সম্প্রতি এজেন্ট বদলেছেন তিনি। নতুন এজেন্সিতে রয়েছেন প্রাক্তন পিএসজি মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে—জন্মসূত্রে আর্জেন্তাইন! ফুটবল দুনিয়ায়, এজেন্ট পাল্টানোকে প্রায়শই সম্ভাব্য ক্লাব বদলের ইঙ্গিত হিসেবে দেখা হয়।
এমনিতে ফার্নান্দেজের চেলসির সঙ্গে চুক্তি ২০৩২ পর্যন্ত। ২০২৩-এর জানুয়ারিতে বেনফিকা থেকে তৎকালীন ব্রিটিশ রেকর্ড ১২ কোটি ইউরোয় এসেছিলেন স্ট্যামফোর্ড ব্রিজে। চলতি মরসুমে দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, মাঠে কাটিয়েছেন সর্বোচ্চ মিনিট। কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ী তরুণ দলের অন্যতম মূল চালিকাশক্তি তিনি—সহ-অধিনায়কও বটে!
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সদস্য ফার্নান্দেজ এ বছর আমেরিকায় বিশ্বকাপে শিরোপারক্ষার অভিযানে নামবেন। এরপর তাঁর ভবিষ্যৎ কোথায়—চেলসিতেই, নাকি অন্য কোথাও, তা মেসির সতীর্থ খোলসা করেননি।