এদিন ফলাফল দেখে বোঝা যাবে না ইস্টবেঙ্গল কতটা আধিপত্য নিয়ে খেলেছে। অনেক সুযোগ পেয়েও গোল নষ্টের ব্যর্থতায় মাত্র এক গোলে জিতল ইস্টবেঙ্গল।

শেষ আপডেট: 6 August 2025 21:41
দ্য ওয়াল ব্যুরো: নামধারী স্পোর্টস অ্যাকাডেমিকে (Namdhari Sports Academy) ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup) শেষ আটে পা রাখল ইস্টবেঙ্গল (East Bengal)। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতল অস্কার ব্রুজোর ছাত্ররা। ফলে গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে উঠল লাল-হলুদ ব্রিগেড।
এদিন ফলাফল দেখে বোঝা যাবে না ইস্টবেঙ্গল কতটা আধিপত্য নিয়ে খেলেছে। অনেক সুযোগ পেয়েও গোল নষ্টের ব্যর্থতায় মাত্র এক গোলে জিতল ইস্টবেঙ্গল।
প্রথমার্ধেই হ্যাটট্রিক করতে পারতেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা দামাস্কেনো। কিন্তু তিনবারই তিনি অল্পের জন্য গোল পেলেন না। গোল আসছে না দেখে দ্বিতীয়ার্ধে মরক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাদকে মাঠে নামান ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজো। মাঠে নামার সাত মিনিটের মধ্যেই গোল করে কোচের ভরসার যোগ্য মর্যাদা দিলেন হামিদ।
৬৮ মিনিটে গোল করলেন মরক্কোর স্ট্রাইকার। মিগুয়েলের কর্নার কিক যখন নামধারী বক্সে উড়ে এল, তখন বলের কাছে ছিলেন বিপিন সিং। তবে তিনি কিছু করার আগেই পিছন থেকে এসে হেডে জালে বল জড়িয়ে দেন হামিদ। এই গোলই লাল-হলুদ ব্রিগেডকে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে দিল।