ইস্টবেঙ্গল হেড স্যার অস্কার আজ দল নামিয়েছিলেন প্রথম একাদশে দুই বিদেশি রশিদ এবং সাউল ক্রেসপোকে রেখে। লাল-হলুদ বাহিনী প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়।
.jpeg.webp)
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 23 July 2025 20:38
দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে শুরু হয়ে গেল ১৩৪ তম ডুরান্ড কাপ (Durand Cup)। আর অভিষেক ম্যাচেই ইস্টবেঙ্গলের (East Bengal) পঞ্চবাণে বিদ্ধ হল বেঙ্গালুরুর ক্লাব সাউথ ইউনাইটেড এফসি (South United FC)।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবলে শট মেরে ১৩৪তম ডুরান্ড কাপের শুভ উদ্বোধন করেন।
এবারের কলকাতা লিগে প্রত্যাশিত ফল পাচ্ছে না ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেড। কিন্তু অস্কার ব্রুজোর অধীনে এদিন কিন্তু বেশ দাপট দেখাল মশাল বাহিনী। খুব কম দিনের প্রস্তুতি নিয়ে এবার ডুরান্ডে নেমেছে ইস্টবেঙ্গল। দলে বিদেশিরা সবেমাত্র যোগ দিয়েছেন। গত কয়েক মরশুম ধরে সর্বভারতীয় ফুটবলে লাল-হলুদের সেরকম সাফল্য নেই। কিন্তু আজ ইস্টবেঙ্গল যা খেলল তা যদি পরবর্তীতেও বজায় রাখতে পারে, তবে স্বপ্ন দেখতেই পারেন পদ্মা পাড়ের ক্লাবের সমর্থকরা।
ইস্টবেঙ্গল হেড স্যার অস্কার আজ দল নামিয়েছিলেন প্রথম একাদশে দুই বিদেশি রশিদ এবং সাউল ক্রেসপোকে রেখে। লাল-হলুদ বাহিনী প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। ১০ মিনিটের মাথায় গোলের দরজা প্রায় খুলেই ফেলেছিলেন এডমুন্ড লালরিনডিকা। এবারই ইস্টবেঙ্গলে এসেছেন তিনি। কিন্তু, এডমুন্ডের বাড়ানো বল গোলে ঠেলতে পারেননি ডেভিড ।
কিন্তু তার ঠিক পরেই ১২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করলেন লালচুনুঙ্গা। বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত একটি শট গোল করেন তিনি।
তারপরেও আক্রমন চালিয়ে যায় অস্কার ব্রুজোর ছাত্ররা। প্রথম ম্যাচে এডমুন্ড এবং প্যালেস্তাইনের রশিদকে বেশ ভাল ছন্দে দেখা গিয়েছে। প্রথমার্ধের শেষবেলায় সাউথ ইউনাইটেডের একটি ভুলের জন্য পেনাল্টি পায় লাল হলুদ। সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার সালাহ ইস্টবেঙ্গলের এডমুন্ডকে বাজে ভাবে ট্যাকল করেন বক্সের মধ্যে। ইস্টবেঙ্গলের হয়ে পেনাল্টি কিক নিতে যান সাউল ক্রেসপো। পেনাল্টি থেকে ৩৭ মিনিটে ঠান্ডা মাথায় গোল করে দলকে ২ গোলে এগিয়ে দেন ক্রেসপো। ৩৯ মিনিটের মাথায় বিষ্ণুর জোরাল শট বার পোস্টে না লাগলে তখনই ৩-০ হয়ে যেত। প্রথমার্ধে ২ গোল এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগেড।
দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা হলেও তুলনায় ধীর গতিতে খেলতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। সেই সুযোগ অবশ্য নিতে পারেনি সাউথ ইউনাইটেড এফসি। ৫৫ মিনিটে হালকা চোট লাগে বিষ্ণুর। তাঁর পরিবর্তে নামেন নন্দ কুমার। পাশাপাশি ক্রেসপোকে তুলে আক্রমন ভাগের শক্তি বাড়ানোর জন্য দিয়ামান্তাকোসকে মাঠে নামানো হয়। সেই সঙ্গে আনোয়ারের পরিবর্তে নামেন জিকসন সিং। ৬৭ মিনিটে রশিদের জোরাল শটে বারের কিছুটা বাইরে দিয়ে বেরিয়ে যায়।
৭০ মিনিটের মাথায় লাল-হলুদ জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নামেন বিপিন সিং। তারপরই ৭৯ মিনিটের মাথায় দিয়ামন্তাকোসের বাড়ানো বলে বিপিন গোল করেন। ৩ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের শেষের দিকে ৮৭ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দিয়ামন্তাকস অসাধারণ গোল করেন। গ্যালারিতে উপস্থিত লাল-হলুদ সমর্থকদের উল্লাস তখন চোখে পড়ার মতো। তার ঠিক পরেই সাউথ ইউনাইটেডের কফিনে শেষ পেরেক পুঁতে দেন মশাল ব্রিগেডের অধিনায়ক নাওরেম মহেশ সিং। ৮৯ মিনিটে বক্সের ভিতর থেকে জোরাল শট মেরে গোল করেন তিনি। ৫-০ গোলে জিতে এবারের ডুরান্ড কাপের অভিযান দারুণ শুরু করল অস্কারের ছেলেরা।