ডার্বি এখন অতীত। ডার্বি নিয়ে আর ভাবছি না। আমদের একটাই লক্ষ্য, সেমিফাইনাল জিতে ডুরান্ডের ফাইনাল খেলব।

অস্কার ব্রুজোঁ ও বিপিন সিং
শেষ আপডেট: 19 August 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় যুবভারতীতে ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। তার রেশ এখনও কাটেনি লাল-হলুদ জনতার। সেদিন মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে চলতি ডুরান্ড কাপের সেমিফাইনালে (Durand Cup Semifinal) উঠে গিয়েছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। এবার ফাইনালে ওঠার লক্ষ্যে নতুন লড়াই। আর তার জন্য প্রস্তুত অস্কার ব্রুজোঁর ছাত্ররা (Oscar Bruzon)।
সেমিফাইনাল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি (East Bengal vs Diamond)। গত কয়েক বছর ধরে একের পর এক চমক দিয়ে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার এই দলটি। গতবার কলকাতা লিগে দারুণ পারফর্ম করার পর চ্যাম্পিয়ন হয়েছে আই-লিগ সেকেন্ড ডিভিশনে। এবার তারা খেলবে আই-লিগের মূল পর্বে। ডুরান্ডকে তারা আই-লিগের প্রস্তুতি পর্ব হিসাবেই দেখছে। দলটির কোচ স্পেনের কিবু ভিকুনা। মোহনবাগানকে আই-লিগ চ্যাম্পিয়ন করানোর পাশাপাশি তাঁর আইএসএলে কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। ডুরান্ডের গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে পাঁচ গোল খেলেও তারা কোয়ার্টার ফাইনালে হারিয়েছে আইএসএল ক্লাব জামশেদপুর এফসিকে। তাই ইস্টবেঙ্গলের সামনে লড়াইটা যে সহজ হবে না, এটা বলাই যায়।
তবে গত কয়েক মরশুমের ব্যর্থতা কাটিয়ে এবার মশাল ব্রিগেড সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে। শুধু ডার্বিতেই নয়, গোটা ডুরান্ড কাপেই ধারাবাহিকতা দেখাচ্ছে ইস্টবেঙ্গল। দলের নতুন বিদেশিরা তো ভাল খেলছেনই, সেই সঙ্গে গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে জ্বলে উঠেছেন দিমিয়ান্তাকোসও। মোহনাবাগানের বিরুদ্ধে দু’টি গোল করেছেন তিনি। লাল-হলুদের তরুণ ভারতীয় ব্রিগেডও এবার নজর কেড়ে নিয়েছে।
বুধবার যুবভারতীতে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতলেই উঠে পড়বে ডুরান্ডের ফাইনালে। বহুদিন সর্বভারতীয় ট্রফি জেতেনি লাল-হলুদ। শেষ সর্বভারতীয় ট্রফি হিসাবে জিতেছিল সুপার কাপ ২০২৪ সালের জানুয়ারিতে। এর আগেও বহুদিন ট্রফি ঢোকেনি শতাব্দী প্রাচীন এই ক্লাবে। এবার ডুরান্ড জিতে সেই খরা মেটাতে মরিয়া ফুটবলাররা।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বিপিন সিংকে নিয়ে উপস্থিত হয়ে লাল-হলুদ চাণক্য অস্কার ব্রুজোঁ বললেন, ডার্বি এখন অতীত, একটাই লক্ষ্য ডুরান্ড ফাইনাল। ইস্টবেঙ্গলের হেডস্যার এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, “ডার্বি এখন অতীত। ডার্বি নিয়ে আর ভাবছি না। আমদের একটাই লক্ষ্য, সেমিফাইনাল জিতে ডুরান্ডের ফাইনাল খেলব।”
তবে প্রতিপক্ষ ডায়মন্ড হারবারকে মোটেও সহজ ভাবে নিচ্ছেন না ব্রুজোঁ। বললেন, “এই ম্যাচ খুব কঠিন ম্যাচ হবে। ডায়মন্ড হারবারও চাইবে এই ম্যাচ জিতে ফাইনাল খেলতে। তাদের দলও অব্যশই খুব ভাল। মোহনবাগান, ইস্টবেঙ্গল গ্রুপ স্টেজ অনেক গোল করেছে কিন্তু নক আউট ম্যাচে খেলাটা আলাদা হয়। আমদের সেমিফাইনাল ম্যাচে কোনও কার্ড দেখলে চলবে না। মিগুয়েল, সাউল ক্রেসপো এবং দিয়ামান্তাকোসের একটা করে হলুদ কার্ড আছে। কাল হলুদ কার্ড দেখলে ডুরান্ড ফাইনালে উঠলে সমস্যায় পড়ে যাব। এই তালিকায় রয়েছে সৌভিক, মহম্মদ রাকিপ এবং লালচুংনুঙ্গাও।”
জয় গুপ্তা সম্পর্কে ব্রুজোঁ বলেছেন, “এখনও রেজিস্ট্রেশন হয়নি, ডুরান্ডের সেমিফাইনালে তাঁকে পাওয়া যাবে না। ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের কিছু কাজ বাকি রয়েছে। আমি সমর্থকদের বলব আপনারা খেলা দেখতে আসুন, আপনাদের আমি জয় উপহার দিতে চাই।”