সেমিফাইনাল আমদের কাছে খুব কঠিন হতে চলেছে। তবুও আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার।

কিবু ভিকুনা ও জবি জাস্টিন
শেষ আপডেট: 19 August 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: আবির্ভাবের পর থেকেই একের পর এক চমক দিয়ে চলেছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গতবার আই-লিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার খেলবে আই-লিগ ওয়ানে। পাশাপাশি গত মরশুমের কলকাতা লিগেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপের দৌড়ে ছিল তারা। তবে, গতবারের লিগ চ্যাম্পিয়নশিপের খেতাব কার হাতে উঠবে, তা এখনও রয়েছে আদালতের হাতে। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গতবার লিগ শেষ করেছিল ইস্টবেঙ্গল।
সেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বুধবার ডুরান্ড কাপের সেমিফাইনালে (Durand Cup, Semi-final) নামতে চলেছে ডায়মন্ড হারবার। দলের হেডস্যারের দায়িত্বে রয়েছেন মোহনবাগানকে আই-লিগ জেতানো স্প্যানিশ কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)। তাঁর হাতে পড়ে এই ক্লাব এখন টেক্কা দিচ্ছে আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে। চলতি ডুরান্ডেই তারা হারিয়েছে মহামেডান ও জামশেদপুরকে।
কোয়ার্টার ফাইনালে খালিদ জামিলের ছেড়ে যাওয়া দল জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে কিবু ভিকুনার ছেলেরা। গ্রুপ পর্বে তারা হারিয়েছিল মহামেডানকে। এরপর যদিও তারা মোহনবাগানের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে ডুরান্ডের শেষ আটে পা রাখে।
তবে এই দলে রয়েছেন লুকা মায়সেনের মতো আইএসএলে খেলা বিদেশি তারকা। নিজের দিনে একার হাতেই পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। তবে ডায়মন্ড হারবারের চিন্তা বাড়িয়েছে ব্রাজিলিয়ান বিদেশি ক্লেটন সিলভেইরার চোট। অবশ্য তাঁকে ছাঁড়াই জামশেদপুরকে হারিয়েছে কিবুর ছাত্ররা।
শেষ চারের ম্যাচে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল হলেও যথেষ্ট আত্মবিশ্বাসী ডায়মন্ড হারবারের চাণক্য কিবু ভিকুনা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বললেন, “সেমিফাইনাল আমদের কাছে খুব কঠিন হতে চলেছে। তবুও আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। আমরা ইস্টবেঙ্গলকে কঠিন লড়াই দেব। ডুরান্ডে আমরা ৩টি ম্যাচ জিতেছি আর ১টি ম্যাচ হেরেছি। আমাদের দলের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। অবশ্যই ইস্টবেঙ্গল খুব ভাল দল, কিন্তু আমদের দলও খারাপ নয়। মোহনবাগানের কাছে আমরা হেরে গেলেও জামশেদপুরের মাঠে গিয়ে জামশেদপুরকে হারিয়ে এসেছি। আমরা সেমিফাইনালে উঠতে পেরে খুশি। তবে আরও এগোতে চাই।”
চোটের কারণে শেষ চারের ম্যাচেও ক্লেটনকে পাবে না ডায়মন্ড হারবার। এদিকে ইস্টবেঙ্গলে রয়েছেনবিপিন সিং, মহেশ, মিগুয়েল, ক্রেসপো এবং দিয়ামান্তাকোসের মতো ফুটবলার। ডার্বিতে দুই গোল করে নায়ক হয়ে উঠেছেন গ্রিসের স্ট্রাইকার দিমিয়ান্তাকোস। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবতে রাজি নন কিবু। সাংবাদিক সম্মলেন বললেন, “আমদের দলও তৈরি আছে ওদের বিরুদ্ধে খেলার জন্য। কলকাতার তিনটি আইএসএলের ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের সঙ্গে এবার আমরাও ডুরান্ডে অংশগ্রহণ করছি। এরমধ্যে মোহনবাগান ও ইস্টবেঙ্গল বিদায় নিয়েছে। এবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরা সেমিফাইনালে খেলব। লক্ষ্য একটাই ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়া।”
সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নির্ভরযোগ্য ফুটবলার জবি জাস্টিন। তিনি বলেন, “মোহনবাগানের বিরুদ্ধে আমরা যথেষ্ট ভাল খেলেছি। রেফারির কিছু সিদ্ধান্ত ভুল ছিল। রেড কার্ড খেতে হয় আমাদের দলকে। তবে আমি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলব বলে খুব খুশি। এই ক্লাবকে আমি সম্মান করি। এই ক্লাব থেকেই আমার উত্থান। তবে আমি গোল করলে অবশ্যই সেলিব্রেশন করব। কলকাতায় অনেকদিন রয়েছি, জানি এখানকার সমর্থকরা ফুটবল দেখতে ভালবাসে।”