চোট সত্ত্বেও চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে সিআরসেভেন। আল নাসরের হয়ে ইতিমধ্যে ২১ গোল করেছেন, ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও আপাতত তিনিই।

রোনাল্ডো
শেষ আপডেট: 6 March 2026 16:17
দ্য ওয়াল ব্যুরো: হ্যামস্ট্রিংয়ের চোটে আপাতত মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি ক্লাব আল নাসের (Al Nassr) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, পর্তুগিজ তারকার হ্যামস্ট্রিং টেন্ডনে চোট ধরা পড়েছে। তবে স্বস্তির খবর, আঘাত গুরুতর নয়। চিকিৎসকদের মতে, দুই থেকে চার সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবেন তিনি। আপাতত কয়েকটি ম্যাচ মিস করতে হতে পারে। তবে বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নিশ্চিত বলে জানিয়েছে ক্লাবের মেডিক্যাল টিম।
ম্যাচ চলাকালীন চোট
রোনাল্ডোর চোট লাগে সৌদি প্রো লিগের (Saudi Pro League) ম্যাচে। আল ফাইহা-র (Al-Fayha FC) বিরুদ্ধে ৩–১ ব্যবধানে জেতে আল নাসর। সেই ম্যাচের শেষদিকে অস্বস্তি অনুভব করেন রোনাল্ডো। ৮১ মিনিটে বেঞ্চের দিকে ইশারা করেন। এরপরই তাঁকে তুলে নেওয়া হয়। তাঁর জায়গায় মাঠে নামেন আবদুল্লাহ আল হামদান (Abdullah Al-Hamdan)।
ম্যাচের শুরুটাও রোনাল্ডোর জন্য খুব একটা সুখকর ছিল না। ১২ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ। তার পরেই ধীরে ধীরে অস্বস্তি বাড়তে থাকে। শেষ পর্যন্ত খেলা শেষ হওয়ার আগে মাঠ ছাড়তে হয়।
রিহ্যাব শুরু
চোট ধরা পড়ার পরই রিহ্যাব প্রক্রিয়া শুরু করেছেন রোনাল্ডো। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উপর প্রতিদিন নজর রাখা হচ্ছে। চিকিৎসকদের মতে, দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। তাই বিশ্বকাপের আগে বড় কোনও আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে।
তবে এই চোটের কারণে পর্তুগাল জাতীয় দলের (Portugal national team) আসন্ন দুটি প্রীতি ম্যাচে হয়তো দেখা যাবে না তাঁকে। চলতি মাসের শেষদিকে মেক্সিকো (Mexico national football team) এবং মার্কিন যুক্তরাষ্ট্রর (United States men’s national soccer team) বিরুদ্ধে ম্যাচ রয়েছে। সেখানে রোনাল্ডোকে বিশ্রামে রাখা হতে পারে।
ক্লাব ও ব্যক্তিগত রেকর্ড
চোট সত্ত্বেও চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে সিআরসেভেন। আল নাসরের হয়ে ইতিমধ্যে ২১ গোল করেছেন, ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও আপাতত তিনিই। মার্চে আল নাসেরের সামনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। নিওম এসসি (Neom SC) এবং আল খালিজের (Al-Khaleej FC) বিরুদ্ধে মাঠে নামতে হবে। যেখানে রোনাল্ডোকে হলুদ জার্সিতে দেখার সম্ভাবনা বেশ ক্ষীণ-ই বলা চলে।
আপাতত ময়দানের বাইরে নতুন পদক্ষেপ নিয়েছেন তিনি। স্পেনের ক্লাব উডি আলমেরিয়াতে (UD Almería) আংশিক স্বত্ব কিনেছেন। যারা বর্তমানে লা লিগা সেকেন্ড ডিভিশনে (La Liga 2) খেলছে। এই বিনিয়োগের কথা ঘোষণা করে রোনাল্ডো জানান, খেলোয়াড় জীবনের বাইরে থেকেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা তাঁর অনেক দিনের। ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ আল খেরেইজির (Mohamed Al-Khereiji) বক্তব্য, ক্রিশ্চিয়ানোর অভিজ্ঞতা ও প্রভাব ক্লাবের উন্নতিতে বড় ভূমিকা নেবে।