সম্প্রতি অবসরের পরিকল্পনার কথাও জানিয়েছেন সিআরসেভেন। সেই প্রেক্ষাপটে এই বিনিয়োগকে অনেকেই দেখছেন ভবিষ্যৎ প্রস্তুতি হিসেবে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 27 February 2026 09:56
দ্য ওয়াল ব্যুরো: ফুটবলার থেকে এবার ক্লাব মালিকানার বৃত্তে ঢুকে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। স্পেনের দ্বিতীয় ডিভিশনের উডি আলমেরিয়া-র (UD Almeria) ২৫ শতাংশ শেয়ার কিনেছেন তিনি। বিনিয়োগ করেছে তাঁর সংস্থা সিআর৭ স্পোর্টস ইনভেস্টমেন্টস (CR7 Sports Investments)। যদিও লেনদেনের অনুপুঙ্খ আর্থিক অঙ্ক এখনও প্রকাশ করা হয়নি।
লা লিগায় ফেরার লড়াইয়ে আলমেরিয়া
২০২৩-২৪ মরশুম শেষে লা লিগা (La Liga) থেকে অবনমন হয় আলমেরিয়ার। এখন তারা খেলছে সেকেন্ড ডিভিশনে (Segunda Division)। লিগ টেবিলে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে এই ক্লাব। লক্ষ্য আপাতত একটাই—পরের সিজনে শীর্ষ ডিভিশনে প্রত্যাবর্তন৷ ২০২৫ সালের মে মাসে সৌদি বিনিয়োগকারী গোষ্ঠী এসএমসি গ্রুপ (SMC Group), যার নেতৃত্বে আছেন মহম্মদ আল-খেরেইজি (Mohammed Al-Khereiji), ক্লাবের মালিকানা নেয়। তার পরেই রোনাল্ডোর এই বিনিয়োগ।
কেন এই সিদ্ধান্ত?
বর্তমানে আল-নাসেরের (Al-Nassr) হয়ে খেলছেন পর্তুগিজ মহাতারকা। তবে মাঠের বাইরে ফুটবলের অন্যবিধ পরিসরে সক্রিয় থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন তিনি। বিবৃতিতে রোনাল্ডোর মন্তব্য, ‘মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখার ইচ্ছে অনেক দিনের। আলমেরিয়া একটি শক্ত ভিতের উপর দাঁড়ানো ক্লাব, উন্নতির স্পষ্ট সম্ভাবনা। নেতৃত্বের সঙ্গে কাজ করে পরবর্তী ধাপে এগোতে চাই।’ মালিক আল-খেরেইজিও উৎসাহিত। বলেছেন, ‘রোনাল্ডো স্প্যানিশ লিগ খুব ভাল বোঝে। ওর অভিজ্ঞতা দল ও অ্যাকাডেমির উন্নতিতে সাহায্য করবে।’
প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে (Real Madrid) খেলেছেন। সেই সময় ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ভবিষ্যতের ইঙ্গিত
এতকিছুর মধ্যে সম্প্রতি অবসরের পরিকল্পনার কথাও জানিয়েছেন সিআরসেভেন। সেই প্রেক্ষাপটে এই বিনিয়োগকে অনেকেই দেখছেন ভবিষ্যৎ প্রস্তুতি হিসেবে। আলমেরিয়া এখন লা লিগায় ফেরার লড়াইয়ে। রোনাল্ডোর উপস্থিতি সরাসরি মাঠে না হলেও, সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে তাঁর প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে।