২০২৫ দেখিয়ে দিল, বয়স বাড়লেও তুলনা থামে না। মেসি এখনও খেলাটাকে সাজান, রোনাল্ডো শেষ করেন। তাই প্রশ্নটা বদলায় না। কে ভালো? উত্তরও আগের মতোই—দু’জনই, নিজেদের মতো করে।

রোনাল্ডো ও মেসি
শেষ আপডেট: 26 December 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: দু’দশকেরও বেশি সময় ধরে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় দ্বৈরথ—লিওনেল মেসি (Lionel Messi) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার (Real Madrid vs Barcelona) উত্তাপে লা লিগায় (La Liga) যে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছিল, তা শুধু স্পেন নয়, গোটা ফুটবলবিশ্বকে আড়াআড়ি দু’ভাগ করে দেয়।
২০২২-এর পর দু’জনের পথ আলাদা। রোনাল্ডো পাড়ি দেন সৌদি আরবে আল নাসরে (Al Nassr), মেসি আমেরিকায় ইন্টার মায়ামিতে (Inter Miami), মেজর লিগ সকারে (Major League Soccer)। তবু প্রশ্নটা একই রয়ে গিয়েছে—কার প্রভাব বেশি? ২০২৫ সালের শেষে দাঁড়িয়ে সংখ্যায় আর অর্জনে সেই তুলনাটা ফের একবার সামনে এসেছে।
ক্লাব ও দেশ—সংখ্যায় কার দাপট?
২০২৫ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি খেলেছেন ৫৪টি ম্যাচ। গোল করেছেন ৪৬টি, সঙ্গে ২৮টি অ্যাসিস্ট। রোনাল্ডোর ম্যাচ সংখ্যা ৪৪, গোল ৩৮, অ্যাসিস্ট মাত্র ৪। পরিসংখ্যান বলছে, সামগ্রিক আউটপুটে আর্জেন্তিনীয় তারকা স্পষ্টত এগিয়ে।
আন্তর্জাতিক মঞ্চে রোনাল্ডোর ঝাঁঝ
জাতীয় দলে কিন্তু ছবিটা আলাদা। আন্তর্জাতিক ফুটবলে (International Football) রোনাল্ডো ৯ ম্যাচে ৮ গোল করে কার্যত একা হাতেই ম্যাচ ঘুরিয়েছেন। অ্যাসিস্ট না থাকলেও গোল করার খিদে এখনও চনমনে। মেসি সেখানে খেলেছেন মাত্র ৫টি ম্যাচ—৩ গোল, ৩ অ্যাসিস্ট। ম্যাচ সংখ্যা কম হলেও প্রভাবের ঘাটতি নেই, যদিও রোনাল্ডোর গোলের ধার আন্তর্জাতিক মঞ্চে বেশি করে চোখে পড়েছে।
ক্লাব ফুটবলে মেসির শিল্পীসত্তা
ক্লাব ফুটবলে (Club Football) আবার লিও-র রাজত্ব। ইন্টার মায়ামির হয়ে ৪৯ ম্যাচে ৪৩ গোল আর ২৫ অ্যাসিস্ট—পরিসংখ্যানই বলে দেয়, শুধু ফিনিশার নয়, এখনও তিনি আক্রমণের মস্তিষ্ক। রোনাল্ডো আল নাসরের হয়ে ৩৫ ম্যাচে ৩০ গোল করলেও অ্যাসিস্ট মাত্র ৪—অর্থাৎ, ভূমিকা আরও বেশি তীব্র ‘বিশুদ্ধ গোলস্কোরার’ হিসেবে।
ট্রফি ও সম্মান—দু’জনের আলাদা গল্প
অর্জনের খাতাতেও দুই তারকার পথ আলাদা। মেসির ঝুলিতে ২০২৫ সালে এসেছে এমএলএস গোল্ডেন বুট (MLS Golden Boot), এমএলএস কাপ (MLS Cup), এমএলএস এমভিপি (MLS MVP) এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম (Presidential Medal of Freedom)।
রোনাল্ডোর ক্ষেত্রে ছবিটা ইউরোপ ও সৌদি আরবকেন্দ্রিক। পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ (UEFA Nations League 2024–25) জয়, সৌদি প্রো লিগ গোল্ডেন বুট (Saudi Pro League Golden Boot), নেশনস লিগ ফাইনালের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি—সব মিলিয়ে ট্রফির খাতাও ফাঁকা নয়।
শেষ হিসেব
২০২৫ দেখিয়ে দিল, বয়স বাড়লেও তুলনা থামে না। মেসি এখনও খেলাটাকে সাজান, রোনাল্ডো শেষ করেন। তাই প্রশ্নটা বদলায় না। কে ভালো? উত্তরও আগের মতোই—দু’জনই, নিজেদের মতো করে।