এত সমর্থকদের নিয়ে ম্যাচ করার অনুমতি দিচ্ছে না পুলিশ। এই মর্মে বুধবার বিকেলে আইএফএ’কে চিঠিও দিয়েছে তারা।

মোহনবাগান-ইস্টবেঙ্গল
শেষ আপডেট: 16 July 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ কলকাতা প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ (CFL) মানেই যেন বিতর্কের ছড়াছড়ি। এমনিতেই তো গতবারের চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করা হয়নি। আদালতে ঝুলে রয়েছে সেই বিষয়। এরপর মোহনবাগান-রেলওয়ে এফসি ম্যাচে তারক হেমব্রম মাঠে চোট পাওয়ার পর তাঁর পায়ের ব্যান্ডেজ করা হয়েছিল দু’টি ছাতা দিয়ে। যা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল। সেই সঙ্গে আবহাওয়ার কারণে ম্যাচ বাতিল তো আছেই। এবার ডার্বি নিয়ে শুরু হল বিতর্ক।
এদিকে শনিবার (১৯ জুলাই) রয়েছে ডার্বি। কল্যাণী স্টেডিয়ামকে মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohunbagan vs East Bengal) ম্যাচের জন্য বেছে নিয়েছিল আইএফএ (IFA)। কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান-ইস্টবেঙ্গলের। কিন্তু কল্যাণীতে খেলা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল সবুজ-মেরুন কর্তারা। তাঁদের অভিযোগ ছিল, এত দূরে ডার্বি, এর ফলে সমর্থকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
কলকাতা লিগে ময়দানের দুই বড় ক্লাবই খেলাচ্ছে যুব দলকে। তারকা ছাড়াই তাই হবে আসন্ন ডার্বি। তবে মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হওয়া মানেই সমর্থকদের আবেগ। আর তাই কল্যাণীতে ডার্বি হলেও সমর্থকরা যে মাঠ-মুখো হবেন সেটা বলাই যায়। আর এই দুই দলের সাক্ষাৎ মানেই সমর্থকদের উত্তেজনা।
এবার সেই ডার্বি ঘিরেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। কল্যাণী স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২০ হাজার। আশা করা যায় শনিবারের ডার্বিতে মাঠ ভরে যাবে। কিন্তু এত সমর্থকদের নিয়ে ম্যাচ করার অনুমতি দিচ্ছে না পুলিশ। এই মর্মে বুধবার বিকেলে আইএফএ’কে চিঠিও দিয়েছে তারা।
চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন নিয়েছেন আইএফএ-ও। জানা গিয়েছে বাংলার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বৈঠকে বসেছেন। ডার্বি নিয়ে জট কাটানোর তাঁরা চেষ্টা করছেন।
কল্যাণীতে ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে। প্রথমে আইএফএ সচিব অনির্বাণ দত্ত চেয়েছিলেন বারাসত স্টেডিয়ামে ম্যাচটি করতে। কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বারাসত স্টেডিয়ামের সংস্কার কাজ এই মাসের মধ্যে শেষ হবে না। বিকল্প ভেন্যু হিসাবে কল্যাণীকেই বাছা হয়েছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আদৌ শনিবার ডার্বি হবে কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে।