এই টেস্ট ম্যাচে আমার কাছে টার্নিং পয়েন্ট প্রথম ইনিংসে ঋষভ পন্থের আউট হওয়া।

রবি শাস্ত্রী
শেষ আপডেট: 16 July 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Third Test) তৃতীয় ম্যাচ হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। লর্ডস টেস্টে ভারতের দাপট বজায় ছিল চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত। কিন্তু তারপরই ব্যাটিং ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় গিল ব্রিগেড।
যদিও জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৯৩। কিন্তু ১৭০ রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ২২ রানে হেরে গিয়ে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে গৌতম গম্ভীরের ছাত্ররা।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের মতে জেতা ম্যাচ হাতছাড়া করেছে দল। দ্বিতীয় ইনিংসে আইসিসির এক নম্বর টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৬১ রানের অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি অন্যান্যদের কাছ থেকে সাহায্য না পাওয়ায়। যদিও জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই করেছেন।
এদিকে ভারতের পরাজয়ের পর, টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) দু’টি কারণ উল্লেখ করেন, যার কারণে দলটি ম্যাচটি হেরেছে। আইসিসির পর্যালোচনায় রবি শাস্ত্রী বলেন, "এই টেস্ট ম্যাচে আমার কাছে টার্নিং পয়েন্ট প্রথম ইনিংসে ঋষভ পন্থের আউট হওয়া।" পাশাপাশি লর্ডস টেস্ট হারের জন্য শাস্ত্রী করুণ নায়ারের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
প্রথম ইনিংসে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থ। কিন্তু চোট নিয়েই ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। যখন মনে হচ্ছিল পন্থের ব্যাট থেকে আরও একটি শতক আসতে চলেছে তখনই বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন তিনি। পন্থ ৭৪ রান করে আউট হতেই ভারতের বড় ইনিংস গড়ার স্বপ্ন শেষ হয়ে যায়।
পন্থের প্রসঙ্গের পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক শাস্ত্রী উল্লেখ করেছেন করুণ নায়ারের আউট হওয়ার বিষয়ও। তিনি বলেন, "দ্বিতীয় ইনিংসে যখন স্কোর ৪০/১, তখন আমার মনে হয়েছিল করুণ নায়ারের মনোযোগের অভাব ছিল। সে সরাসরি বল ছেড়ে ইংল্যান্ডের জন্য দরজা খুলে দিল। আমার মনে হয় করুণের উইকেট খেলা বদলে দিয়েছে।"
শাস্ত্রী বেন স্টোকস বাহিনীরও প্রশংসা করেছেন। তিনি বলেন, "ইংল্যান্ডের প্রশংসা করতেই হবে। যখন পরিস্থিতি কঠিন হয়ে পড়ে, তারা প্রাপ্ত সুযোগগুলি কাজে লাগায় এবং যখন তারা পথ খুঁজে পায়, তখন তারা সম্পূর্ণরূপে পরিস্থিত বদলে ফেলে। চতুর্থ দিনে যদি দু’টি উইকেট কম পড়ত, তাহলে আমার মনে হয় ভারত সহজেই ম্যাচটি জিতত।"
শাস্ত্রী আরও বলেন, "লর্ডস টেস্ট আমাকে ২০২১ সালের টেস্ট ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছে। সেবারও ভারত প্রথমে ব্যাট করেছিল। স্কোর প্রায় একই ছিল, ৩০০-এর মতো। তারপর দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ে। সেই সময় অবশ্য ভারত জিতেছিল। এবার ইংল্যান্ড জিতেছে। এখনও আরও দু’টি ম্যাচ বাকি আছে। যেকোনও কিছু ঘটতে পারে। ভারত তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং যদি তা হয়, তাহলে আমরা ওভালে একটি রোমাঞ্চকর প্রতিযোগিতা দেখতে পাব।"