কেবল মোহনবাগানের ইতিহাসেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ব্রিটিশ দলকে হারিয়ে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল। যা খেলাধুলার ঊর্ধ্বে গিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে।

মোহনবাগান দিবস
শেষ আপডেট: 29 July 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান মানেই আবেগ। মোহনবাগান মানেই ইতিহাস। ১৯১১ সালের আজকের দিনেই (২৯ জুলাই) আইএফএ শিল্ড ফাইনালে ইংরেজ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে নজির সৃষ্টি করেছিল খালি পায়ে খেলা ১১ জন বাঙালি ফুটবলার। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যা অন্য মাত্রা যোগ করেছিল। ময়দানের এই শতাব্দী প্রাচীন ক্লাবে প্রতিবছর এই বিশেষ দিনটি পালিত হয় মোহনবাগান দিবস (Mohunbagan Dibas) হিসাবে।
এবারও সাড়ম্বরে পালিত হচ্ছে মোহনবাগান দিবস। তবে শুধু ক্লাবের প্রাঙ্গণেই নয়, লক্ষ লক্ষ সবুজ-মেরুন সমর্থক এই বিশেষ দিন পালন করছেন গোটা দেশ জুড়ে। এমনকি বিদেশে থাকা সমর্থকরাও সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।
এদিন দুপুরে ক্লাব প্রাঙ্গণে হয় ক্লাবের অমর একাদশে মাল্যদান। তারপর হয় ক্লাব পতাকা উত্তোলন। সব শেষে মোহনবাগান মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ। আসলে মোহনবাগান দিবস হচ্ছে প্রাক্তন বাগান ফুটবলারদের ‘রি ইউনিয়ন।’
এদিন সকাল থেকেই ক্লাব সমর্থকদের উপস্থিতিতে জমজমাট ছিল গোষ্ঠ পাল সরণি। সন্ধেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর হাতে। সেই সঙ্গে পুরস্কার তুলে দেওয়া হবে অন্যান্য প্রাপদকদের হাতেও।
এদিকে মোহনবাগান দিবস উপলক্ষে ক্লাবকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেচ্ছা জানিয়েছেন মোহনবাগান এসজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও (Sanjib Goenka)।
শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে জেনে খুবই আনন্দিত। কেবল মোহনবাগানের ইতিহাসেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ব্রিটিশ দলকে হারিয়ে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল। যা খেলাধুলার ঊর্ধ্বে গিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে। এটি নিছকই কেবল জয় নয়, বরং এক অপরিসীম গৌরবের মুহূর্ত ছিল। যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে দেশপ্রেমের উচ্ছ্বাস জাগিয়ে তুলেছিল। গর্বের এই মুহূর্তে আমি সমগ্র মোহনবাগান পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় আসীন হবে।”
এদিকে, মোহনবাগান দিবসের শুভ দিনে আসানসোল মেরিনার্সের পক্ষ থেকে কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ক বিশেষ ভাবে সম্মানিত করা হয়।