এক ম্যাচ বেশি খেলেছে দল৷ তবু দু'নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।

লামিন ইয়ামাল
শেষ আপডেট: 1 March 2026 12:07
দ্য ওয়াল ব্যুরো: এক ম্যাচ বেশি খেলেছে দল৷ তবু দু'নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। সৌজন্যে গতরাতের দুরন্ত পারফরম্যান্স। প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে ৪-১ স্কোরলাইনে চূর্ণ করল হান্সি ফ্লিকের ছেলেরা৷ ২৬ ম্যাচে ৬৪ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে রিয়াল, ৬০ পয়েন্টে৷ হাতে রয়েছে আরও এক ম্যাচ৷
ম্যাচের নায়ক নিঃসন্দেহে লামিনে ইয়ামাল (Lamine Yamal)। ১৮ বছর বয়সি তারকা লা লিগায় (La Liga) নিজের কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন। বড় ম্যাচে বড় মঞ্চে কীভাবে আলো কাড়তে হয়, তা যেন চোখে আঙুল দিয়ে দেখালেন স্প্যানিশ তরুণ৷
২৮ মিনিটে ম্যাচের প্রথম গোল। মাঝমাঠে পাপে গেইয়ের (Pape Gueye) কাছ থেকে বল কেড়ে নেন ফারমিন লোপেজ (Fermin Lopez)। ডানদিকে বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশ ইয়ামালের। বাঁদিকের পোস্ট ঘেঁষে নিচু শট—গোলরক্ষকের কোনও সুযোগই ছিল না।
এর ঠিক ন’মিনিট পর দ্বিতীয় আঘাত। ডান প্রান্তে লম্বা বল কন্ট্রোল করে একাই ঢুকে পড়েন বক্সের দিকে। সার্জি কার্দোনা (Sergi Cardona) ও আলভারো মোলেইরোকে (Alvaro Moleiro) কাটিয়ে বাঁ-পায়ের বাঁকানো শট। বল জালে জড়াতেই গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ে।
দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে ব্যবধান কমান গেইয়ে। আরও কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল সমতা ফেরানোর। কিন্তু গোল না হলে ফুটবলে মূল্য চোকাতেই হয়। ৬৯ মিনিটে ঠিক সেটাই হল। দ্রুত কাউন্টার অ্যাটাক বার্সেলোনার। আবার ইয়ামাল। ঠান্ডা মাথায় হ্যাটট্রিক। ম্যাচ কার্যত সেখানেই শেষ। শেষ সময়ে নামেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। অতিরিক্ত সময়ে জুল কুন্দের (Jules Kounde) নিচু ক্রস থেকে ট্যাপ-ইন। স্কোরলাইন ৪-১।
খেলা শেষে ইয়ামাল বলেন, ‘ভিয়ারিয়াল খুব ভাল দল। লিগ টেবিলে তৃতীয়। জয় আর গোল—দুটোতেই আমি খুশি।’ নিজের দ্বিতীয় গোল নিয়ে তাঁর মন্তব্য, ‘বল পায়ে থাকলে আমি ঠিক করি কোন দিকে যাব। ডিফেন্ডার একদিকে গেলে আমি অন্যদিকে যাই!’
এই জয়ের সুবাদে শিরোপা দৌড়ে বড় বার্তা দিল বার্সেলোনা (Barcelona)। রিয়াল মাদ্রিদ (Real Madrid) একটি ম্যাচ কম খেললেও চাপ এখন পুরোপুরি তাদের কাঁধে।