বিশেষজ্ঞদের মতে, গতকাল এমবাপে বেঞ্চে থাকায় ভিনিসিয়াস আরও স্বাধীনতা পেয়েছিলেন। উইং থেকে ভেতরে ঢুকে, ডিফেন্ডার টানেন, জায়গা তৈরি করেন। একসময় অফসাইডের কারণে হ্যাটট্রিকও হাতছাড়া হয়।

ভিনি জুনিয়র
শেষ আপডেট: 16 February 2026 11:17
দ্য ওয়াল ব্যুরো: চাপের ম্যাচে নিখুঁত জবাব। লা লিগায় (La Liga 2026) রিয়াল সোসাইদাদকে ৪-১ গোলে উড়িয়ে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। জয়ের কেন্দ্রে একটাই নাম—ভিনি জুনিয়র (Vinicius Jr)। জোড়া পেনাল্টি ছিনিয়ে, নিজেই স্পটকিক থেকে বল জালে পাঠিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা। যার সুবাদে বার্সেলোনার (Barcelona) থেকে আপাতত দুই পয়েন্ট এগিয়ে গেল মাদ্রিদ। যদিও কাতালান ক্লাবের হাতে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।
ভিনির দাপট, পেনাল্টিতেই ম্যাচ সিল
শুরুটা ছিল উত্তেজনাময়। প্রথমার্ধেই তিন গোল। তরুণ গনসালো গার্সিয়া (Gonzalo Garcia) ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের (Trent Alexander-Arnold) ক্রস থেকে সূক্ষ্ম ফিনিশে এগিয়ে দেন মাদ্রিদকে। চোট কাটিয়ে দুই মাস পর প্রথম একাদশে জায়গা পেতেই প্রভাব ফেললেন।
যদিও খেলার ২১ মিনিটে সমতা ফেরায় সোসাইদাদ। ডিন হুইসেনের ফাউলে পেনাল্টি পেয়ে গোল করেন মিকেল ওইয়ারজাবাল (Mikel Oyarzabal)। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই ভিনিসিয়াস পেনাল্টি আদায় করেন। জোন আরামবুরুকে কাটিয়ে বক্সে পড়ে যান। নিজেই গোল করে ব্যবধান বাড়ান (২-১)। এরপর ফেদেরিকো ভালভার্দে (Federico Valverde) দূরপাল্লার কার্লিং শটে তৃতীয় গোল করে ম্যাচের মোড় কার্যত মাদ্রিদের দিকে ঘুরিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আবারও আরামবুরুর বিরুদ্ধে পেনাল্টি আদায় করেন ভিনি। এবারও ভুল করেননি। দুই পেনাল্টি, দুই গোল—সম্পূর্ণ নিয়ন্ত্রণে রিয়াল।
ট্রেন্টের প্রত্যাবর্তন, এমবাপের অনুপস্থিতি
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) হাঁটুর অস্বস্তির কারণে শুরুতে নামেননি। জুড বেলিংহাম (Jude Bellingham) চোটের জেরে বাইরে। তবু আক্রমণে ঘাটতি পড়েনি। বিশেষ করে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পারফরম্যান্স নজর কেড়েছে। ডান প্রান্তে তাঁর পাসিং ও সেট-পিস ডেলিভারি সোসাইদাদের রক্ষণকে বারবার বিপদে ফেলে। যে কারণে কোচ আলভারো আরবেলোয়া (Alvaro Arbeloa) ম্যাচ শেষে বলে দিলেন, ‘ট্রেন্ট খুব বুদ্ধিমান ফুটবলার। দ্রুত আমাদের সিস্টেম বুঝে নিয়েছে।’
বিশেষজ্ঞদের মতে, গতকাল এমবাপে বেঞ্চে থাকায় ভিনিসিয়াস আরও স্বাধীনতা পেয়েছিলেন। উইং থেকে ভেতরে ঢুকে, ডিফেন্ডার টানেন, জায়গা তৈরি করেন। একসময় অফসাইডের কারণে হ্যাটট্রিকও হাতছাড়া হয়।
সামনে চ্যাম্পিয়নস লিগ, লিগে লড়াই জমজমাট
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে আত্মবিশ্বাস বাড়ল মাদ্রিদের। সামনে চ্যাম্পিয়নস লিগে (Champions League) বেনফিকার (Benfica) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচ। অন্যদিকে সোসাইদাদের কোচ পেলেরিনো মাতারাত্সোর (Pellegrino Matarazzo) প্রশিক্ষণে এটি তাদের প্রথম হার। দশ ম্যাচের অপরাজিত ধারা ভেঙে গেল গতকাল।