ম্যাচের পরে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া স্পষ্ট ভাষায় বলেন, ‘ধৈর্য ধরে খেলতে হয়েছে। আজ আমরা সংগঠিত ছিলাম—সেই কারণেই জিতেছি।’

রিয়াল মাদ্রিদ
শেষ আপডেট: 9 February 2026 12:42
দ্য ওয়াল ব্যুরো: শিরোপা দখলের দৌড় জমে উঠেছে। ভ্যালেন্সিয়ার (Valencia) মাঠে ধৈর্য, নিয়ন্ত্রণ আর শেষ মুহূর্তের আঘাত—এই তিনে ভর করেই তিন পয়েন্ট তুলে নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ২–০ জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার (Barcelona) থেকে ব্যবধান কমে দাঁড়াল এক পয়েন্ট। অন্যদিকে দিনের অন্য ম্যাচে ধাক্কা খেল আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)—ঘরের মাঠে রিয়াল বেটিসের (Real Betis) কাছে পরাজয়ের জেরে খেতাবি দৌড়ে সিমিওনের ছেলেরা আরও পিছিয়ে পড়ল।
ভিনিসিয়াস–বেলিংহ্যামহীন রিয়াল, তবু জয় এল
সাসপেনশনের কারণে গতকাল ভিনি জুনিয়র (Vinícius Júnior) মাঠে নামেননি, চোটের কারণে জুড বেলিংহ্যামও (Jude Bellingham) বাইরে—তাই ময়দানে রিয়ালের আক্রমণে ঝাঁঝের কমতি পড়েছিল। তবু সংগঠিত রক্ষণ আর সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় তারা। প্রথমার্ধে আরদা গুলের (Arda Güler) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি। অ্যাকাডেমি থেকে উঠে আসা ডেভিড হিমেনেসের (David Jiménez) একক প্রচেষ্টাও ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কি (Stole Dimitrievski)।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি আচমকাই লিড। এনে দেন আলভারো কারেরাস (Álvaro Carreras)। বাঁ-দিক থেকে ঢুকে দুর্বল পায়ে নেওয়া শটেই ভেঙে পড়ে ভ্যালেন্সিয়ার রক্ষণ। সমতায় ফিরতে পারত আয়োজক টিম, কিন্তু লুকাস বেলত্রানের (Lucas Beltrán) শট পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়। সংযুক্ত সময়ে ব্রাহিম দিয়াজের (Brahim Díaz) সেট-আপে খুব কাছ থেকে ফিনিশের সুবাদে লা লিগায় নিজের ২৩তম গোল আর দলের জয় নিশ্চিত করেন এমবাপে (Kylian Mbappé)।
‘সেরা ফুটবলার’ এমবাপে
ম্যাচের পরে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া (Álvaro Arbeloa) স্পষ্ট ভাষায় বলেন, ‘ধৈর্য ধরে খেলতে হয়েছে। আজ আমরা সংগঠিত ছিলাম—সেই কারণেই জিতেছি।’ তাঁর চোখে এমবাপে (Kylian Mbappé) এই মুহূর্তে বিশ্বের সেরা। উঠে আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) রিয়াল-উত্তরাধিকার প্রসঙ্গও। যার জবাবে পর্তুগিজ তারকার প্রাক্তন সতীর্থ আরবেলোয়া ইঙ্গিত—এই পথে, এভাবে এগোলে এমবাপে ইতিহাস ছুঁতে পারেন, ভাঙতে পারেন একগুচ্ছ রেকর্ড।
আতলেতিকোর হোঁচট, বেটিসের প্রত্যাবর্তন
অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) ঘরের মাঠে রিয়াল বেটিসের (Real Betis) কাছে ১–০ ব্যবধানে পরাস্ত হল। কোপা দেল রে-তে মাঝ সপ্তাহে ৫–০ জয়ের পর এদিন ছবিটা উল্টে যায়। প্রথমার্ধে অ্যান্টনি (Antony) ম্যাচের একমাত্র গোল করেন। শেষদিকে আত্মঘাতী গোলে সমতা ফিরলেও অফসাইডে বাতিল হয়। যে কারণে আতলেতিকো বার্সেলোনার থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে পড়ল।
দিনের অন্য খেলায় অ্যাথলেটিক বিলবাও (Athletic Bilbao) ৪–২-তে হারায় লেভান্তেকে (Levante), সেভিয়া (Sevilla) ও জিরোনা (Girona) ১–১-এ ড্র করে, আর গেটাফে (Getafe) ২–০ ব্যবধানে জেতে আলাভেসের (Alavés) বিরুদ্ধে।