আজ স্পার্সের মাঠে জিততেই হবে। নইলে সিটি আরও চাপ বাড়বে। লন্ডন ডার্বি শুধু ঐতিহ্য নয়, এবারের সিজনে শিরোপা রেসের মোড় ঘোরানো লড়াই হয়ে উঠতে পারে।
.jpeg.webp)
পেপ ও আর্তেতা
শেষ আপডেট: 22 February 2026 14:16
দ্য ওয়াল ব্যুরো: নিউক্যাসলকে হারিয়ে লিগের রেসে ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি (Manchester City)। গতরাতে ২-১ জয়ের পর কোচ পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) যা বললেন, তাতে বোঝা যাচ্ছে দলের আত্মবিশ্বাস কোন উচ্চতায়। খেলোয়াড়দের তিন দিনের ছুটি দিয়ে তাঁর বার্তা—জীবনটা উপভোগ করো, কাইপিরিনহা আর ডাইকিরি খাও!’ অর্থাৎ, একটু লঘু বাংলায়, চাপ ভুলে ‘চিল’ মারো!
কিন্তু এই হালকা মেজাজের আড়ালে লুকিয়ে প্রচ্ছন্ন সতর্কবার্তা—লিড বাড়িয়ে খেতাব জেতার প্রেশার এবার পুরোপুরি আর্সেনালের (Arsenal) কাঁধে। সিটির জয়ের কারণে শীর্ষে থাকা গানার্সদের সঙ্গে ব্যবধান নেমে দাঁড়িয়েছে মাত্র দুই পয়েন্টে। আজ নজর নর্থ লন্ডন ডার্বি-তে (North London Derby)। কারণ স্পার্সের (Tottenham Hotspur) মাঠে মিকেল আর্তেতার (Mikel Arteta) দলের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে।
হালান্ডের দৌড়, ও’রেইলির জোড়া গোল—বার্তা স্পষ্ট
নিউক্যাসলের বিরুদ্ধে ম্যাচে গোল না করেও ম্যাচের সেরা আর্লিং হালান্ড (Erling Haaland)। দৌড়, প্রেসিং, ডিফেন্সে হেড—সব মিলিয়ে কমপ্লিট পারফরম্যান্স। তাঁর নিখুঁত ক্রস থেকেই জয়সূচক গোল হেড নিকো ও’রেইলির (Nico O’Reilly)। তরুণ মিডফিল্ডার বল দু’বার জালে জড়াতেই সিটির জয় নিশ্চিত। পাশাপাশি উল্লেখ করতে হবে গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার (Gianluigi Donnarumma) কথাও। শেষ মুহূর্তে হার্ভে বার্নসের শট বাঁচিয়ে দেন ইতালীয় কিপার। যে কারণে রেফারির ম্যাচশেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এতিহাদে উৎসব। গুয়ার্দিওলার মন্তব্য—‘এই সংযোগটাই চাই। এখন থেকে মরশুম শেষ পর্যন্ত একই মুড ধরে রাখতে হবে। চলতি সিজনে সিটির আগের মতো মেশিন-সুলভ ধারাবাহিকতা না থাকলেও বড় ম্যাচে মানসিক দৃঢ়তা স্পষ্ট। আর সেটাই লিগ রেসে পার্থক্য গড়ে দিতে পারে।
স্পার্সে টিউডর যুগ, চোটে জর্জরিত দল
আজ যদিও সবার নজর ডার্বিতে। টটেনহ্যামের ডাগআউটে নতুন মুখ ইগর টিউডর (Igor Tudor)। থমাস ফ্রাঙ্কের (Thomas Frank) জায়গায় দায়িত্ব নিয়ে প্রথম বড় পরীক্ষা। পরিস্থিতি কঠিন। ১৭ ম্যাচে মাত্র দু’টি জয়। অবনমনের ভয়ও উঁকি দিচ্ছে। চোটের তালিকাও ক্রমশ দীর্ঘ হচ্ছে। ক্রিশ্চিয়ান রোমেরো (Cristian Romero), জেমস ম্যাডিসন (James Maddison), দেজান কুলুসেভস্কি (Dejan Kulusevski)—একগুচ্ছ নাম প্রথম একাদশে দেখা যাবে না।
পাশাপাশি দুশ্চিন্তা বাড়াচ্ছে অফ ফর্ম। কোল মুয়ানি (Randal Kolo Muani) এখনও প্রিমিয়ার লিগে গোল পাননি। টিউডরের হাতে বিকল্প কম, কিন্তু ডার্বি মানেই বাড়তি উত্তেজনা—সাম্প্রতিক ফর্ম বড় ফ্যাক্টর নাও হতে পারে।
আর্তেতার চাপ, শিরোপা দৌড়ে রুদ্ধশ্বাস লড়াই
আর্সেনাল শিবিরও কম চাপে নেই! উলভারহ্যাম্পটনের (Wolverhampton Wanderers) বিরুদ্ধে দু’গোলের লিড হারিয়ে ড্র কোচ মিকেল আর্তেতার উদ্বেগ বাড়িয়েছে। শেষ সাত ম্যাচে মাত্র দুই জয়। মার্টিন ওডেগার্ড (Martin Odegaard) ফিটনেস সমস্যায় জর্জরিত, কাই হাভার্টজ (Kai Havertz) মাঠের বাইরে। আজ স্পার্সের মাঠে জিততেই হবে। নইলে সিটি আরও চাপ বাড়বে। লন্ডন ডার্বি শুধু ঐতিহ্য নয়, এবারের সিজনে শিরোপা রেসের মোড় ঘোরানো লড়াই হয়ে উঠতে পারে।