বার্সেলোনা আজ লেভান্তেকে হারাতে পারলে শীর্ষে উঠে আসতে পারে। রিয়াল এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্টে এগিয়ে।

নায়ক নিকো ও'রাইলি
শেষ আপডেট: 22 February 2026 10:49
দ্য ওয়াল ব্যুরো: শিরোপার দৌড়ে চাপ বাড়াল ম্যানচেস্টার সিটি (Manchester City)। নিউক্যাসল ইউনাইটেডকে (Newcastle United) ২-১ গোলে হারিয়ে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল ব্যবধান নামিয়ে আনল মাত্র দুই পয়েন্টে। অন্যদিকে স্পেনে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ওসাসুনার (Osasuna) কাছে ২-১ হার লা লিগার লড়াইয়ে ভিনিসিয়াসদের কাছে বড় ধাক্কা।
ও’রাইলির জোড়া গোলে সিটির দাপট
এতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির নায়ক নিকো ও’রাইলি (Nico O’Reilly)। ১৪ মিনিটে বাঁ-পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই লুইস হল (Lewis Hall) সমতা ফেরালেও ২৭ মিনিটে আবার আঘাত হানেন ও’রাইলি। আর্লিং হালান্ডের (Erling Haaland) মাপা ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন। এটাই শেষ পর্যন্ত হয়ে ওঠে জয়সূচক গোল। দ্বিতীয়ার্ধে সিটি ততটা ধারালো না হলেও রক্ষণে দৃঢ় ছিল। হালান্ড গোল পাননি ঠিকই। কিন্তু ডিফেন্সে নেমে এসে ব্লক, ক্লিয়ারেন্স—সব করেছেন।
এই জয়ের সৌজন্যে ২৭ ম্যাচে সিটির পয়েন্ট ৫৬। আর্সেনাল (Arsenal) এখন শীর্ষে, তবে ব্যবধান মাত্র দুই। আজ, রবিবার টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) বিরুদ্ধে নামবে গানার্সরা। পয়েন্ট খোয়ালে আরও বিপাকে পড়বেন মিকেল আর্তেতা।
ধাক্কা খেল চেলসি-ভিলা
গতকাল দিনের অন্য খেলায় অ্যাস্টন ভিলা (Aston Villa) লিডস ইউনাইটেডের (Leeds United) সঙ্গে ১-১ ড্র করে পিছিয়ে পড়ল। চেলসি (Chelsea) ঘরের মাঠে বার্নলির (Burnley) বিরুদ্ধে ১-১ ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট খোয়াল। জোয়াও পেদ্রো (Joao Pedro) গোল করলেও শেষ মুহূর্তে জিয়ান ফ্লেমিং (Zian Flemming) সমতা ফেরান। পাশাপাশি ব্রাইটনের (Brighton) হয়ে জেমস মিলনার (James Milner) প্রিমিয়ার লিগে (Premier League) সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন—৬৫৪ ম্যাচ, গ্যারেথ ব্যারিকে ছাপিয়ে।
লা লিগায় রিয়ালের হোঁচট
অন্যদিকে স্পেনে বড় চমক। ওসাসুনার কাছে ২-১ হেরে গেল রিয়াল মাদ্রিদ। আন্তে বুদিমির (Ante Budimir) পেনাল্টিতে এগিয়ে যায় ওসাসুনা। ভিনি জুনিয়র (Vinicius Junior) ৭৩ মিনিটে সমতা ফেরালেও ৯০ মিনিটে রাউল গার্সিয়ার (Raul Garcia) গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই রেজাল্টের ফলে বার্সেলোনা (Barcelona) আজ লেভান্তেকে (Levante) হারাতে পারলে শীর্ষে উঠে আসতে পারে। রিয়াল এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্টে এগিয়ে।