অভিযোগ আরও বাড়লে, মামলার জল অনেক দূর গড়ালে বিশ্বকাপের আগে এই ঘটনা নিঃসন্দেহে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের ভাবমূর্তিতে বড় আঘাত হানবে।

লিও মেসি
শেষ আপডেট: 2 April 2026 12:05
দ্য ওয়াল ব্যুরো: বেশ জমকালো স্বপ্ন ছিল। কেরলের মাটিতে লিওনেল মেসি (Lionel Messi) ও আর্জেন্তিনা দল (Argentina Football Team) খেলবে—এটা ভেবে স্পনসর জোগাড় করে ২৫০ কোটি টাকা পাঠানো হয়েছিল। শেষমেশ সফর বাতিল করেছে আর্জেন্তিনা, ন্যূনতম কৈফিয়ত ছাড়াই। সেই ইস্যু টেনে বৃহস্পতিবার কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান (Kerala sports minister V Abdurahiman) রাগে ও দুঃখে ফেটে পড়লেন। বললেন, ‘টাকা নিয়ে না আসাটা প্রতারণা। এই বিশ্বাসঘাতকতা (Cheated) আশা করিনি!’
টাকা গেল, দল এল না
গত নভেম্বরে মন্ত্রীর ঘোষণা—মেসি সুদ্ধ টিম আর্জেন্তিনা মার্চে কেরলে আসবে। তার জন্য স্পনসর খোঁজা, প্রায় আড়াইশো কোটি টাকা সংগ্রহ—সব হয়েছিল। কিন্তু কেউ আসেনি। কারণ দেওয়া হয়নি, কোনও ক্ষতিপূরণও নয়! যার জেরে মন্ত্রী আবদুরহিমান ক্রুদ্ধ। তিনি বলেন, ‘খোঁজ নিয়ে জানলাম, এমন আরও পাঁচটি দেশের সঙ্গে একই কাজ করেছে। টাকা নিয়েছে, ম্যাচ খেলতে যায়নি। এখন মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে হবে!’
ফুটবলভক্তরা আহত
কেরল ভারতের অন্যতম ফুটবলপ্রেমী রাজ্য। এখানকার মানুষদের মেসিকে কাছ দেখার স্বপ্ন অনেক পুরনো। সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে এই ঘটনা। মন্ত্রীর কথায়, ‘কেরলের ফুটবলপ্রেমীরা মর্মাহত। কার কাছে গিয়ে হতাশার কথা বলব জানি না!’ গোটা ঘটনা নিয়ে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। কিন্তু একাধিক দেশের সঙ্গে একই ঘটনার অভিযোগ উঠলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—এটা শুধু সময়সূচির সমস্যা, নাকি পরিকল্পিত অভিসন্ধি?
উল্লেখ্য, মেসি চলতি বছর আমেরিকায় ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) আর্জেন্তিনার হয়ে শিরোপারক্ষার লড়াইয়ে নামবেন। সেই তাঁকেই কেরলের জনতা মাঠে দেখতে চেয়েছিল। অভিযোগ আরও বাড়লে, মামলার জল অনেক দূর গড়ালে বিশ্বকাপের আগে এই ঘটনা নিঃসন্দেহে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের ভাবমূর্তিতে বড় আঘাত হানবে।