দলের সবাইকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। বেজে উঠেছে জাতীয় সঙ্গীত, গ্যালারিতে একসঙ্গে গলা মিলিয়েছে হাজার হাজার সমর্থক। সেই মুহূর্তেই ভিজে ওঠে চোখ।

লিও মেসি
শেষ আপডেট: 1 April 2026 11:24
দ্য ওয়াল ব্যুরো: সবাই জানত আর্জেন্তিনা জিতবে। হারাবে দুর্বল জাম্বিয়াকে। যা হওয়ার তাই হল। স্কোরলাইন ৫-০। একতরফা জয়। এতে এতটুকু বিস্ময় নেই। কিন্তু রেফারির বাঁশি বাজার পরেও যে এই পানসে লড়াই নিয়ে জোর চর্চা, তার একমাত্র কারণ: লিওনেল মেসি (Lionel Messi)… বলা ভাল, মেসির চোখে জল! দেশের মাটিতে সম্ভবত শেষবার খেলতে নেমে আবেগ সামলাতে পারলেন না আর্জেন্তিনার মহাতারকা। গ্যালারির গান, অনুরাগীদের স্লোগান, সমর্থকদের চিৎকার—সব মিলিয়ে মুহূর্তটা নিমেষে আবেগে ভারী হয়ে উঠল। বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে এটাই দলের (Argentina) শেষ ‘হোম ম্যাচ’। তাই বল পায়ে চিরাচরিত জাদু দেখিয়ে, গোল করেও নব্বই মিনিট পেরোতেই ভেঙে পড়লেন মেসি। সতীর্থদের সান্ত্বনাতেও কান্না সহজে থামল না। এই আবেগঘন ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল।
শুরুতেই ‘মেসি-ম্যাজিক’
ম্যাচের গোড়া থেকে আগ্রাসী মেজাজে লিও মেসি। চার মিনিটেই প্রথম গোল। আসল হোতা তিনিই। দুর্দান্ত কন্ট্রোল করে বল বাড়ান হুলিয়ান আলভারেজকে (Julian Alvarez), সেখান থেকে ১-০। এরপর আর অ্যাসিস্ট নয়, গোল করেন নিজেই। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের (Alexis Mac Allister) সঙ্গে ওয়ান-টু খেলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল নিমেষে জালে।
দলগত দাপট, একতরফা ম্যাচ
প্রথমার্ধেই ম্যাচের দখল নিয়ে নেয় আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধে সেই চাপ আরও বাড়ে। যার জেরে পেনাল্টি লাভ। কিন্তু নিজে না নিয়ে মেসি বল তুলে দেন নিকোলাস ওটামেন্দির (Nicolas Otamendi) হাতে। অধিনায়কের মান রাখতে কসুর করেননি বেনফিকার ডিফেন্ডার। স্কোর ৩-০। এরপর একটি আত্মঘাতী গোল, তারপর ভ্যালেন্তিন বারকোর (Valentin Barco) নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচ শেষে স্কোরলাইন ৫-০। জাম্বিয়া (Zambia) কার্যত আত্মসমর্পণ করে। কখনও মনে হয়নি তারা লড়াইতে ফিরতে পারে।
আবেগঘন মুহূর্ত
ম্যাচ শেষে নজর ছিল মেসির দিকে। দলের সবাইকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। বেজে উঠেছে জাতীয় সঙ্গীত, গ্যালারিতে একসঙ্গে গলা মিলিয়েছে হাজার হাজার সমর্থক। সেই মুহূর্তেই ভিজে ওঠে চোখ। ক্যামেরায় ধরা পড়ে কান্নার মুহূর্ত। এখনও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি। কিন্তু ৩৯ বছরের তারকা যে তাঁর শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন, এটা ভেঙে বলার দরকার পড়ে না।
🚨💣 Deeply emotional scenes unfolding in Argentina 🇦🇷🥹
Lionel Messi is currently playing what is expected to be his LAST match with the national team on Argentine soil.
The final chapter at home for the greatest of all time before the 2026 World Cup. This one really hurts.… pic.twitter.com/yW8WaYYxyi— Topskills Sports UK (@topskillsportuk) April 1, 2026
আমেরিকা-মেক্সিকোর ময়দানে আর্জেন্তিনা শিরোপা রক্ষার টার্গেট নিয়ে নামবে। গ্রুপে রয়েছে আলজেরিয়া (Algeria), অস্ট্রিয়া (Austria) ও জর্ডন (Jordan)। তার আগে ঘরের মাঠে শেষ ম্যাচ… এল গোল ও অ্যাসিস্ট। মেসি বুঝিয়ে দিলেও বয়স বাড়লেও, ফিটনেস কমলেও তিনি এখনও দলের ভরকেন্দ্র।