এখন প্রশ্ন একটাই: ফতোরদার সবুজ গ্যালারিতে কি সত্যিই দেখা যাবে চিরতরুণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? জবাব মিলবে ২২ অক্টোবর।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 12 September 2025 13:24
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা সত্যি হতে চলেছে। গুঞ্জন আরও জোরালো হচ্ছে। যা অপ্রত্যাশিত ঠেকছিল, তাকে ধাপে ধাপে নাগালে নিয়ে আসছে আল নাসের (Al Nassr)। ভারতের ময়দানে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে—এটা বোধহয় আর কষ্টকল্পনা থাকছে না।
এএফসি চ্যাম্পিয়নস লিগ টু (AFC Champions League Two)–র মঞ্চে সৌদি ক্লাব এফসি গোয়ার (FC Goa) সঙ্গে একই গ্রুপে রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২২ অক্টোবর ফতোরদার (Fatorda) নেহরু স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। আর সেই ম্যাচেই দেখা যেতে পারে রোনাল্ডোকে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আল নাসের ইতিমধ্যেই ১২ জন বিদেশির নাম এএফসি অভিযানের জন্য নথিভুক্ত করেছে। তালিকায় সাদিও মানে (Sadio Mane), কিংসলে কোমান (Kingsley Coman), জোয়াও ফেলিক্স (Joao Felix) প্রমুখ তারকার পাশাপাশি রয়েছেন রোনাল্ডোও। অনুপস্থিত কেবল স্পেনের আয়েরিক লাপোর্তে (Aymeric Laporte)। তিনি ফিরেছেন লা লিগার অ্যাথলেটিক বিলবাওয়ে।
প্রসঙ্গত, এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে আল নাসের ছাড়াও রয়েছে ইরাকের আল জওরা (Al Zawraa) ও তাজিকিস্তানের ইস্তিকলল (FC Istiklol)। ১৭ সেপ্টেম্বর ঘরের মাঠে আল জওরার বিরুদ্ধে খেলতে নামবে ভারতের ক্লাব। ১ অক্টোবর মুখোমুখি ইস্তিকলল। আর ২২ অক্টোবর সেই মাহেন্দ্রক্ষণ--গোয়ার মাটিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—যেটা দেখার জন্য দেশের ফুটবল মহল মুখিয়ে!
তবে এতকিছুর মধ্যেও একটা চিন্তার কাঁটা থেকে যাচ্ছে। ইতিহাস বলছে, রোনাল্ডো সাধারণত এই প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচে নামেন না। গত মরশুমেও ঘরের বাইরে মাত্র একটি লড়াইয়ে তাঁকে নামতে দেখা গিয়েছিল। যে কারণে অনুরাগীরা আশায় বুক বাঁধছেন ঠিকই। কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া ইস্তক নিশ্চিন্তির শ্বাস ফেলা যাচ্ছে না!
গত জুনেই গুজব ছড়িয়ে পড়ে, হয়তো আমেরিকার এমএলএস–এ (MLS) চলে যেতে পারেন রোনাল্ডো। কারণ সেখানেই রাজপাট বিছিয়েছেন লিওনেল মেসি। কিন্তু সব জল্পনা থামিয়ে ২৬ জুন আল নাসরের সঙ্গে ২০২৭ পর্যন্ত নতুন করে চুক্তি সেরে ফেলেন পর্তুগিজ তারকা!
অন্যদিকে গত মাসে ওমানি চ্যাম্পিয়ন আল সিব ক্লাবকে ২–১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে এফসি গোয়া। ২০২১ সালের পর ফের এশিয়ার দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতায় নামছে তারা। কালিঙ্গা সুপার কাপ জেতার সুবাদে প্রাথমিক পর্বে খেলার সুযোগ জোটে। সেখানেই স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ (Manolo Marquez) পূর্ণশক্তির দল নামিয়ে ছিনিয়ে আনেন ঐতিহাসিক জয়।
ফলে এখন প্রশ্ন একটাই: ফতোরদার সবুজ গ্যালারিতে কি সত্যিই দেখা যাবে চিরতরুণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? জবাব মিলবে ২২ অক্টোবর।