আইএসএল (ISL) নিয়ে ফেডারেশনের অবস্থান জানতে চেয়ে এদিন চিঠি পাঠিয়েছে এএফসি।

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 28 August 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: জোড়া বিপাকে ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ফিফার (FIFA) শাস্তির হুমকির পর এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনও (AFC) চিঠি পাঠাল এআইএফএফকে। আইএসএল (ISL) নিয়ে ফেডারেশনের অবস্থান জানতে চেয়ে এদিন চিঠি পাঠিয়েছে এএফসি।
একদিন আগেই ফিফা অভিযোগ করেছিল, ফেডারেশনের কাজে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’ বাড়ছে। যদি চলতি মাসের ৩০ তারিখের মধ্যে নতুন সংবিধান কার্যকর না হয়, তবে স্থগিতাদেশের মুখে পড়তে হবে। মঙ্গলবার এআইএফএফ-কে পাঠানো কড়া চিঠিতে ফিফা ছত্রে ছত্রে মনে করিয়ে দিয়েছে, ‘কোনও সরকারি সংস্থা বা বাইরের প্রভাব ছাড়া স্বাধীনভাবে পরিচালনা করতে হবে ফেডারেশনকে। সংবিধান অবশ্যই ফিফা ও এএফসি-র নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।’ ঠিক দুই দিন বাদে, ২৮ অগস্ট, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। ফিফার নির্দেশ, তার আগেই চূড়ান্ত রায় নিশ্চিত করতে হবে এআইএফএফ-কে, যাতে নতুন সংবিধান আদালতের অনুমোদন পায়।
এবার ফিফার সুরেই সুর মিলিয়ে এআইএফএফকে পত্রবোমা পাঠাল এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। চলতি মরশুমে আইএসএল কবে থেকে শুরু হবে তা এখনও জানা নেই। তাই এএফসি জানতে চেয়েছে, আগামী মরশুমে ভারত থেকে কোনও দল কি আদৌ এএফসির ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?
এএফসি’র জেনারেল সেক্রেটারি দাতুক সেরি উইন্ডসর জন এআইএফএফের ডেপুটি সচবি জেনারেল এম সত্যনারায়ণকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘ভারতের শীর্ষ-স্তরের লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে ক্লাবগুলির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব বেতনের ক্ষেত্রেও পড়েছে। এটি ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। এর ফলে বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের ক্লাব লাইসেন্স প্রদানের কর্তৃত্ব হারাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।’
এদিকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া এফএসডিএল (FSDL) এবং এআইএফএফের (AIFF) যৌথ প্রস্তাব অনুযায়ী সুপার কাপ অথবা এআইএফএফ আয়োজিত ঘরোয়া কোনও কাপ দিয়ে সেপ্টেম্বর মাসে শুরু হবে নতুন মরসুম। এবং আইএসএল শুরু হতে পারে ২০২৫-এর ডিসেম্বর মাস থেকে।