লিভারের যত্ন নিতে চান? রান্নাঘরে থাকা হলুদ, আমলকি, রসুন, বিট, লেবু, শাকসবজি আর ফ্ল্যাক্সসিড প্রাকৃতিকভাবে লিভার ডিটক্স করতে সাহায্য করে। নিয়মিত খাবারে রাখলেই মিলবে উপকার।

শেষ আপডেট: 20 January 2026 13:02
দ্য ওয়াল ব্যুরো: লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। রক্ত থেকে টক্সিন বার করা, পিত্ত উৎপাদন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, প্রোটিন তৈরি থেকে শুরু করে হরমোন প্রসেসিং, অসংখ্য কাজ করে চলেছে এটি। তাই লিভারকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসকরা বলছেন, সঠিক খাবার যদি রোজকার খাদ্যতালিকায় রাখা যায়, তাহলে লিভার নিজের কাজ আরও কার্যকরভাবে করতে পারে।
আমাদের রান্নাঘরে সহজলভ্য কিছু খাবার আছে, যা প্রাকৃতিকভাবেই লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।
হলুদ
হলুদ লিভারের জন্য দারুণ উপকারী। এর মধ্যে থাকা কারকিউমিন শরীরের প্রদাহ কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং লিভারের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। গরম হলুদ দুধ কিংবা রান্নায় নিয়মিত ব্যবহার লিভারের স্বাস্থ্য উন্নত করে।
আমলকি
লিভারের ডিটক্সিফিকেশনে বড় ভূমিকা রাখে। প্রচুর ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঁচা খাওয়া যায়, আবার জুস, চাটনি কিংবা আচার হিসেবেও খাওয়া যেতে পারে।
রসুন
এতে রয়েছে সালফার, যা লিভারের এনজাইম সক্রিয় করে শরীর থেকে টক্সিন বার করে দেয়। এর মধ্যে থাকা সেলেনিয়াম অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে লিভারকে সুরক্ষা দেয়। রান্নায় হালকা ভাজা কিংবা কাঁচা রসুন খাওয়ার অভ্যাস লিভার পরিষ্কারে সহায়ক।
বিটরুট
এতে থাকা বেটালেইন আর অ্যান্টিঅক্সিডেন্ট রক্তপ্রবাহ উন্নত করে এবং লিভারের চর্বি জমা কমাতে সাহায্য করে। স্যালাড, তরকারি বা রস করে নিয়মিত খেলে লিভারের কাজ সহজ হয়।
সবুজ শাকসবজি
পালং, মেথি বা ধনে পাতার মতো সবুজ শাক লিভারের জন্য একেবারে উপকারী। ক্লোরোফিল সমৃদ্ধ এই শাক শরীরের টক্সিন নিরপেক্ষ করে, পিত্ত উৎপাদন বাড়ায় আর হজম প্রক্রিয়াকে উন্নত করে।
লেবু
লিভার ডিটক্সে অন্যতম কার্যকরী। এতে থাকা ভিটামিন সি শরীরে গ্লুটাথায়ন তৈরি করে, যা লিভারের পরিশোধন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। সকালে গরম লেবুর জল খেলে হজম ভালো হয় আর লিভারও পরিষ্কার থাকে।
ফ্ল্যাক্সসিড
তিসি বা ফ্ল্যাক্সসিডে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আর ফাইবার, যা প্রদাহ কমায়, চর্বির বিপাকক্রিয়া ঠিক রাখে এবং হরমোন ভারসাম্য বজায় রাখে। ফলে লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে না। স্মুদি বা আটার সঙ্গে ফ্ল্যাক্সসিড গুঁড়ো মিশিয়ে খাওয়াই সহজ উপায়।
বিশেষজ্ঞরা বলছেন, রান্নাঘরের এই সহজলভ্য উপাদানগুলো রোজকার খাবারে থাকলে প্রাকৃতিকভাবেই লিভার পরিষ্কার থাকে, কাজ করে আরও সক্রিয়ভাবে এবং শরীরও হয় সুস্থ-সবল।