বিরিয়ানির জন্ম পারস্য-তে। সেখান থেকে এটি ভারতে আসে মাংস ও ভাতের এক সহজ অথচ উপাদেয় রূপে।

বিরিয়ানির ছবিটি সংগৃহীত
শেষ আপডেট: 7 July 2025 01:43
দ্য ওয়াল ব্যুরো: শুধু খাবার নয়, আবেগের আরেক নাম বিরিয়ানি। সেই বিরিয়ানির স্বাদ, গন্ধ, বৈচিত্র্য আর জনপ্রিয়তাকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ৬ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়ার্ল্ড বিরিয়ানি ডে।’ এই দিনটা কেবল রসনা তৃপ্তির জন্য উদযাপিত হয়, এমন নয়, বরং একাধিক সংস্কৃতির সংমিশ্রণে গঠিত এই বিশেষ পদকে সম্মান জানানোর এ এক দুর্দান্ত উদ্যোগ।
কোথায় জন্ম বিরিয়ানির?
বিরিয়ানির জন্ম পারস্য-তে। সেখান থেকে এটি ভারতে আসে মাংস ও ভাতের এক সহজ অথচ উপাদেয় রূপে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে ভারতের নানা প্রান্তে পৌঁছে বদলে গেছে তার রূপ-রস-বর্ণ। প্রতিটি অঞ্চলের নিজস্ব স্বাদ, মশলা, রান্নার ধরণে বিরিয়ানি পেয়েছে নতুন পরিচয়। নাম বিরিয়ানি হলেও কত রকম তার স্বাদ।
ভারতের বিভিন্ন প্রান্তে গেলে বোঝা যাবে, একেক রাজ্যের বিরিয়ানি একে অন্যের চেয়ে কত আলাদা। একই খাবার, তবু কোথাও তা ঝাল, কোথাও মিষ্টি-মিষ্টি, কোথাও বা আবার সুগন্ধে ভরপুর। জানেন এদেশে কত রকম বিরিয়ানি পাওয়া যায়?
হায়দরাবাদি বিরিয়ানি
বাসমতী চাল, মাংস (চিকেন বা খাসি) আর বিশেষ মশলার মিশেলে তৈরি এই বিরিয়ানি দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। হায়দরাবাদে গেলে এই বিরিয়ানি চেখে দেখা যেন বাধ্যতামূলক। অনেক বিরিয়ানি তর্কে হারিয়ে দেবে দক্ষিণ ভারতের এই স্বাদ।

সিন্ধি বিরিয়ানি
পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে আসা। সুগন্ধী মশলা, টমেটো, আলু, মাংস, আর সবুজ কাঁচা লঙ্কার ব্যবহারে তৈরি হয় ঝাল ঝাল এক পদ। এর স্বাদ দীর্ঘক্ষণ মুখে লেগে থাকে।

দিল্লির বিরিয়ানি
মোগল যুগ থেকে আজ পর্যন্ত দিল্লির পুরনো এলাকা ও নিজামুদ্দিন অঞ্চলের বিরিয়ানির আলাদা কদর। এখানকার বিরিয়ানি তুলনামূলক হালকা, কিন্তু স্বাদে চূড়ান্ত।

থালাসেরি বিরিয়ানি
কেরলের মালাবার অঞ্চলের এই বিশেষ বিরিয়ানি তৈরি হয় কাইমা চাল দিয়ে। অন্যান্য বিরিয়ানির থেকে একেবারে আলাদা গন্ধ ও স্বাদ, যার মূলে রয়েছে স্থানীয় মশলা ও রান্নার কৌশল।

লখনউয়ের বিরিয়ানি
আওধি রান্নার উত্তরাধিকার বহন করা এই বিরিয়ানির আরেক নাম লখনউই বিরিয়ানি। হালকা মশলা, ঘ্রাণ আর হালকা আঁচে রান্না করার ফলে এর স্বাদ স্বর্গীয়।

কলকাতা বিরিয়ানি
বাঙালির গর্ব। বিরিয়ানিতে আলু থাকে কি না, এই বিতর্কের কেন্দ্রে থাকা কলকাতার বিরিয়ানির আলাদা পরিচয় রয়েছে। হালকা সুগন্ধি চাল, ঝাল-মিষ্টি স্বাদের মাংস আর সেই বিখ্যাত আলু ও কোথাও কোথাও ডিম দিয়ে তৈরি এই বিরিয়ানিও খুবই বিখ্যাত। শুধু কলকাতায় নয়, দিল্লি-হায়দরাবাদ, বেঙ্গালুরু এমন কাশ্মীরেও কলকাতা বিরিয়ানি পাওয়া যায়।

রন্ধন-রসনায় ঐক্যের বার্তা
বিরিয়ানি আজ আর শুধু খাবার নয়, বরং এক সাংস্কৃতিক মিলনের প্রতিচ্ছবি, বলছেন অনেকেই। মোদ্দা কথা হল, মোগলদের হাত ধরে ভারতে আসা এই পদ আজ সমগ্র উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খাবার। আর এই খাবার কলকাতায় চেখে দেখার অন্যতম সেরা ডেস্টিনেশন হল অউধ। একাধিক আউটলেট আছে, যেকোনও একটায় পৌঁছে যেতে পারেন। শুধু কলকাতা বিরিয়ানি পাবেন, এমন নয়। অন্যান্য অপশন পেয়ে যেতে পারেন। এই দিন তারাও উদযাপন করছে।
