দুর্গাপুজোয় বিশেষ আয়োজন করেছে আহেলি। সর্ষে ইলিশ, তাওয়া পোড়া ভেটকি থেকে শুরু করে নানা নিরামিষ পদ থাকছে বিশেষ থালি ও বুফেতে।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 25 September 2025 11:02
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই খাওয়া-দাওয়া। উৎসবের এই আনন্দকে আরও রঙিন করতে বিশেষ আয়োজন করেছে বাঙালি ফাইন ডাইনিং-এর পথিকৃৎ আহেলি। মহোৎসবকে কেন্দ্র করে সাজানো হয়েছে একাধিক বিশেষ থালি, যেখানে প্রতিটি পদে মিশে রয়েছে বাঙালি রান্নার ঐতিহ্য ও আভিজাত্য।
নিরামিষ ও আমিষ, দুই খাদ্যাভাসের মানুষজনের কথা মাথা রেখেই থালি সাজানো হয়েছে। নিরামিষ যাঁরা খাবেন, তাঁদের জন্য থাকছে 'মহাভোজ থালি।' সোনা মুগের ডাল, ঠাকুরবাড়ির মোচার ঘন্ট, টমেটো বাদাম আলুর দম, লাবড়া, ধোকার ডালনা, ভেজ পাতুরি, ছানার মহিমা- এমন নানা পদ সেখানে মিলবে কাজু কিসমিস পোলাও ও গরম লুচির সঙ্গে। শেষ পাতে থাকছে আমসত্ত্ব খেজুরের চাটনি, ক্ষীর সন্দেশ এবং আহেলির দই কলস।
অন্যদিকে আমিষ ভোজনরসিকদের জন্য থাকছে 'ভুরিভোজ থালি' ও 'রাজভোজ থালি'। চিংড়ির মালাইকারি, তাওয়া পোড়া ভেটকি পাতুরি, নারকেল কাঁচালঙ্কা দিয়ে সর্ষে ইলিশ, কলকাতার কষা মাংস- একসঙ্গে মিলবে কাজু কিসমিস পোলাও ও আমসত্ত্ব খেজুরের চাটনির সঙ্গে। শেষপাতে থাকবে ক্ষীর সন্দেশ।
শুধু থালিই নয়, উৎসবের আমেজকে আরও খানিকটা বাড়িয়ে তুলতে থাকছে আলা কার্টে। বাটা পোস্তোর বড়া, ভেজিটেবল চপ, মোহিনী মোচার লতিকা, চিংড়ি কাটলেট, চিংড়ির সালামি, তাওয়া ভেটকি, কলকাতা ফিশ ফ্রাই, রুই মাছের পাটিসাপটা থেকে শুরু করে মাংসের চপ, প্রতিটি পদেই ধরা পড়বে বাঙালি রন্ধনশৈলির শিল্প।
আহেলির পুজো স্পেশ্যাল থালি নিয়ে শেফ রাজীব দত্ত বলেন, ‘দুর্গাপুজো মানেই একসঙ্গে থাকার আনন্দ, আর সেই আনন্দকে পূর্ণতা দেয় এমন খাবার যা হৃদয় ছুঁয়ে যায়। মহাভোজ আর ভুরিভোজ থালির প্রতিটি পদই ঐতিহ্যের মিশেলে তৈরি।’
পিয়ারলেস হোটেলের জেনারেল ম্যানেজার অমিতাভ শর্মা জানান, আহেলি মানেই খাঁটি বাঙালি খাওয়ার আসর। দুর্গাপুজো সেই উত্তরাধিকারের সেরা সময়। কলকাতার পিয়ারলেস হোটেল ও সরত বোস রোডে মিলবে থালি ও আলা কার্টে আয়োজন, আর অ্যাক্সিস মলে থাকছে ল্যাভিশ বাঙালি বুফে।
আহেলির মহাভোজ থালির দাম শুরু হচ্ছে ১১৯৫ টাকা (ট্যাক্স অতিরিক্ত) থেকে। রাজভোজ থালি ২১৯৫ টাকা (ট্যাক্স অতিরিক্ত) এবং ভুরিভোজ ২৭৯৫ টাকা (ট্যাক্স অতিরিক্ত)। বুফের দাম ১৪৯৯ টাকা (ট্যাক্স অতিরিক্ত) থেকে শুরু। আহেলি পিয়ারলেস হোটেল ও সরত বোস রোডে পাওয়া যাবে থালি ও আলা কার্টে পদ। বুফে মিলবে অ্যাক্সিস মলে।