রিপোর্টে দেখা গিয়েছে, ১৯৯৫-২০২৪ সাল পর্যন্ত গত তিন দশকে ভারত বেশ কিছু ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।

তিরিশ বছরে দেশে প্রায় ৪৩০টি প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং তাতে প্রায় ৮০,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে।
শেষ আপডেট: 12 November 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে নবম স্থানে রয়েছে ভারত। মঙ্গলবার ব্রাজিলের বেলেম-এ COP30তে পরিবেশ বিজ্ঞানের থিঙ্ক ট্যাঙ্ক জার্মানওয়াচ ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ প্রকাশ করে। এই রিপোর্টে দেখা গিয়েছে, ১৯৯৫-২০২৪ সাল পর্যন্ত গত তিন দশকে ভারত বেশ কিছু ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এই তিরিশ বছরে দেশে প্রায় ৪৩০টি প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং তাতে প্রায় ৮০,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে।
৩০ বছরে প্রাকৃতিক বিপর্যয়ে মোট আর্থিক ক্ষতির পরিমাণ ১৭০ বিলিয়ন ডলার। ভারতের পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ যে প্রাকৃতিক বিপর্যয়গুলোর নামোল্লেখ করা হয়েছে, সেগুলি হল- ১৯৯৯ সালে ওড়িশায় সুপার সাইক্লোন, ২০১৩ সালের উত্তরাখণ্ড বন্যা এবং ১৯৯৮, ২০০২ ও ২০১৫ সালে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে হাজার হাজার মৃত্যু।
জলবায়ু সংক্রান্ত বিপর্যয়ে বিশ্বের প্রায় ১৩০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে বেশিরভাগই হচ্ছে, একের পর এক বন্যা, সাইক্লোন, খরা এবং তাপপ্রবাহ। যা বিশ্ব উষ্ণায়নের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিচ্ছে। ১৯৯৮ সালে গুজরাতে ভয়াবহ সাইক্লোনের পরের বছরেই ওড়িশায় সুপার সাইক্লোনের মুখে পড়ে দেশ। এ কারণেই ভারত এই সূচকের তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারতের পরিস্থিতি ক্রমাগত বিপজ্জনক হয়ে পড়ছে। ভারতের জনসংখ্যা এবং বর্ষার খামখেয়ালিপনায় দিন দিন এই দেশ আবহাওয়া ও জলবায়ুর দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। কোনও বিপর্যয়ে লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০২৪ সালেই যেমন ভারী বর্ষার কারণে হড়পা বান এবং মেঘভাঙা বৃষ্টিতে গুজরাত, মহারাষ্ট্র এবং ত্রিপুরায় ৮০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
সারা বিশ্বেই বন্যা ও ঝড়েই বেশি ক্ষতি হয়েছে মানুষের। জার্মানওয়াচ দেখিয়েছে, গত ৩০ বছরে ৯,৭০০-র বেশি চরম আবহাওয়াজনিত বিপর্যয় নেমে এসেছে। মোট ৮ লক্ষ ৩০ হাজার মানুষ মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৭ কোটি মানুষ। সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ ৪.৫ ট্রিলিয়ন ডলার। সূচকের শীর্ষে রয়েছে দোমিনিকা রিপাবলিক, তারপরে রয়েছে মায়ানমার, হন্ডুরাস, লিবিয়া, হাইতি, গ্রেনাডা, ফিলিপিন্স, নিকারাগুয়া, ভারত ও বাহামাস।