গরিমার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনুরাগী মহলে। অসমের সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

হাসপাতালে ভর্তি গরিমা সাইকিয়া গর্গ
শেষ আপডেট: 4 April 2026 15:51
দ্য ওয়াল ব্যুরো: অসমের সংস্কৃতি মহলে উদ্বেগের আবহ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হল প্রয়াত শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) স্ত্রী গরিমা সাইকিয়া গর্গকে (Garima Saikia Garg)। শুক্রবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতেই দ্রুত তাঁকে গুয়াহাটির দিসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন (Garima Saikia Garg health update)।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ গরিমাকে ভর্তি করা হয়। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি মূলত রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। সেই সঙ্গে শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
মেডিক্যাল রিপোর্টে উঠে এসেছে আরও একটি উদ্বেগজনক দিক। ভর্তি হওয়ার সময় তাঁর রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে দাঁড়ায় প্রায় ৬০ মিগ্রা/ডেসি লিটার, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নীচে। চিকিৎসকদের মতে, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং তীব্র মানসিক চাপ - এই তিনটি কারণ একত্রিত হয়েই তাঁর শরীরে এমন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করেছে।
বর্তমানে চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাঃ চন্দন মোদকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে গরিমার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করার জন্য তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও কয়েকদিন গরিমাকে হাসপাতালে থাকতে হতে পারে।”
গরিমার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনুরাগী মহলে। অসমের সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।