২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে প্রাইভেট ইয়টে ভ্রমণের সময় মৃত্যু হয় জনপ্রিয় এই শিল্পীর। তদন্তে উঠে এসেছে, সেদিন ইয়টে ওঠার আগে তিনি মদ্যপান করেছিলেন এবং কিছুটা অসংলগ্নও দেখাচ্ছিল তাঁকে।

শেষ আপডেট: 25 March 2026 17:19
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)-এর অকালমৃত্যু ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটাল সিঙ্গাপুরের আদালত। প্রায় ছ’মাস পর সরকারি তদন্তে স্পষ্ট জানানো হল, এই মৃত্যুর পিছনে কোনও রকম অপরাধমূলক যোগ নেই। সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের তদন্তের ভিত্তিতে রাষ্ট্রীয় করোনারের আদালতও একই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে প্রাইভেট ইয়টে ভ্রমণের সময় মৃত্যু হয় জনপ্রিয় এই শিল্পীর। তদন্তে উঠে এসেছে, সেদিন ইয়টে ওঠার আগে তিনি মদ্যপান করেছিলেন এবং কিছুটা অসংলগ্নও দেখাচ্ছিল তাঁকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমবার জলে নামার সময় লাইফ জ্যাকেট পরলেও পরে সেটি খুলে ফেলেন জুবিন, কারণ সেটি তাঁর ঠিকমতো ফিট হচ্ছিল না।
করোনার অফিসার অ্যাডাম নাখোদার দাবি, জলে নামার পর কোনও জোরজবরদস্তি বা চাপের প্রমাণ মেলেনি। কাউকে দায়ী করার মতো কোনও তথ্যও পাওয়া যায়নি। এমনকি উদ্ধার করতে গিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে তাঁর ক্ষতি করেছেন, এমন অভিযোগেরও কোনও ভিত্তি নেই বলেই জানানো হয়েছে।
তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, দ্বিতীয়বার জলে নামার সময় ইয়টের ক্যাপ্টেন ও অন্যান্য যাত্রীরা তাঁকে আবার লাইফ জ্যাকেট পরার পরামর্শ দেন। কিন্তু তিনি তা মানেননি। করোনারের মতে, মদ্যপানের প্রভাব তাঁর সিদ্ধান্তগ্রহণে প্রভাব ফেলতে পারে, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ এই মৃত্যু নিয়ে আগে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই তদন্ত আরও গুরুত্ব পায়। তবে শেষপর্যন্ত পুলিশি অনুসন্ধানে কোনও অসঙ্গতি বা অপরাধমূলক প্রমাণ মেলেনি।
সব মিলিয়ে, আদালতের পর্যবেক্ষণ, এটি নিছকই এক মর্মান্তিক দুর্ঘটনা। আর সেই রায়েই আপাতত ইতি টানল জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে দীর্ঘ জল্পনার।