জুবিন গর্গের মৃত্যু শুধু অসমেই নয়, বিশ্বজুড়ে মানুষের মধ্যে তাঁর গান ও সৃষ্টিকে যেন নতুন করে চিনিয়েছে।

জুবিন গর্গ
শেষ আপডেট: 22 September 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: গোটা অসম (Assam) সহ দেশ এখনও শোকাহত। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) প্রয়াণ ঘটেছে এই দুর্ঘটনায়। আর তারপরই তাঁর কণ্ঠস্বর নিয়ে বিশেষ ভাবনা দেওয়া হল।
ভবিষ্যতে যাতে জুবিন গর্গের কন্ঠস্বর (Voice) বিকৃত করা না যায় বা অপব্যবহার না হয়, তার জন্য শুরু হয়েছে বিশেষ ডিজিটাল সংরক্ষণের (Digital Preserved) কাজ।
গায়কের দীর্ঘদিনের সহকর্মী, সুরকার-গায়ক মানস রবিন জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে ইন্টারনেট থেকে নেওয়া জুবিনের কণ্ঠস্বর অন্যরা ব্যবহার করে নিজেদের নামে চালিয়ে দিতে পারেন (AI Temparing)। তাই তাঁর কণ্ঠকে একটি বিশেষ 'ডিজিটাল স্বাক্ষর' (Digital Signature) দেওয়া হবে, যাতে কোনও রেকর্ড বাজলেই সহজে তার উৎস শনাক্ত করা যায়।
মানস রবিনের কথায়, ‘‘যেমন কারও মুখ অন্য কারও শরীরে বসানো হলে তা শনাক্ত করা যায়, তেমনই ডিজিটাল ভয়েস সিগনেচারের মাধ্যমে কণ্ঠস্বরের আসল উৎসও চিহ্নিত করা সম্ভব।’’ তিনি আরও জানান, জুবিনের বহু গান ইতিমধ্যেই সংরক্ষিত হয়েছে। মৃত্যুর কয়েক দিন আগেই এক বিশেষ আর্কাইভের উদ্বোধন করেছিলেন শিল্পী নিজে। তাঁর ইউটিউব চ্যানেল এবং অন্যান্য প্ল্যাটফর্মেও চলছে এই কাজ। এবার কণ্ঠস্বরের ডিজিটাল সুরক্ষাই মূল লক্ষ্য।
জুবিন গর্গের মৃত্যু শুধু অসমেই নয়, বিশ্বজুড়ে মানুষের মধ্যে তাঁর গান ও সৃষ্টিকে যেন নতুন করে চিনিয়েছে। রবিন বলেন, ‘‘যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছেন, তা গোটা বিশ্বকে বোঝাল জুবিন গর্গ অসমের কাছে কী ছিলেন।''
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। তবে শোকের মধ্যে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে জুবিনের মৃত্যু নিয়ে। জুবিনের স্ত্রী জানিয়েছেন, স্কুবা ডাইভিংয়ের সময় নয়, সাঁতার কাটার সময় খিঁচুনি ওঠায় তাঁর পেটে জল ঢুকে যায়। এর ফলে প্রাণহানি ঘটে। এদিকে, জুবিনের মৃত্যু ও সময় নিয়ে সমস্ত তথ্য জানতে এক আইনজীবী উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।