বক্স অফিস সংঘাত এড়াতে সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর সামনে থেকে সরে এল যশরাজ স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি ‘আলফা’।

ফাইল চিত্র
শেষ আপডেট: 28 December 2025 08:47
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে সলমন খানের ‘স্টার পাওয়ার’-এর কাছে আপাতত নতিস্বীকার করল যশরাজ স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি ‘আলফা’। শনিবার প্রখ্যাত সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন যে, সলমন খানের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতেই ‘আলফা’র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া।
কেন এই পিছিয়ে আসা?
আগে ঠিক ছিল, ২০২৬ সালের ১৭ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে আলিয়া ভাটের ‘আলফা’। কিন্তু সলমন খান তাঁর ৬০তম জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর বিধ্বংসী টিজার প্রকাশ করে একই দিনে (১৭ এপ্রিল, ২০২৬) ছবি মুক্তির ঘোষণা দেন। গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের প্রেক্ষাপটে ‘কর্নেল বিকুমল্লা’ রূপে সালমানের জওয়ান অবতার দেখে বক্স অফিসে ঝড় ওঠার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর এই ‘ভাইজান’ ঝড়ের মুখে আলিয়া ভাটের ছবির ব্যবসায়িক ঝুঁকি নিতে নারাজ নির্মাতারা।
যশরাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্সে আলিয়া ভাটের গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ নিয়ে ২০২৪ সাল থেকেই দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা ছিল। তবে সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর দাপটে আপাতত নিজেদের পরিকল্পনা বদলাতে বাধ্য হলেন নির্মাতারা। ‘আলফা’র নতুন মুক্তির তারিখ যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।