ভিডিওতে আবেগঘন অবস্থায় অনুরাগ জানান, গত কয়েক মাসে তাঁর জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা তাঁকে ভেঙে দিয়েছে। তিনি বলেন, জীবনে এমন কঠিন পরিস্থিতির মুখে পড়বেন, তা কখনও কল্পনাও করেননি। কথা বলতে বলতে একাধিকবার কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে।

শেষ আপডেট: 5 March 2026 11:29
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস ১৭’-(Bigg Boss 17) খ্যাত অনুরাগ দোভাল (Anurag Dobhal), যিনি ‘UK07 Rider’ নামে বেশি পরিচিত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) একটি উদ্বেগজনক ভিডিও প্রকাশ করেছেন। প্রায় দুই ঘণ্টার সেই ভিডিওতে তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি ভিডিওটিকে তিনি নিজের ‘শেষ ভিডিও’ বলেও উল্লেখ করেন।
ভিডিওতে আবেগঘন অবস্থায় অনুরাগ জানান, গত কয়েক মাসে তাঁর জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা তাঁকে ভেঙে দিয়েছে। তিনি বলেন, জীবনে এমন কঠিন পরিস্থিতির মুখে পড়বেন, তা কখনও কল্পনাও করেননি। কথা বলতে বলতে একাধিকবার কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে।
অনুরাগ জানান, মাত্র ১৪ বছর বয়সে তাঁর ব্রেন টিউমার ধরা পড়েছিল। সেই সময় থেকেই জীবনে অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। পরিবারের পড়াশোনার চাপের মধ্যেই তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য টিউশন পড়ানো শুরু করেছিলেন বলেও জানান।
ভিডিওতে তিনি আরও দাবি করেন, তাঁর পরিবার কখনও তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেনি। বিশেষ করে তাঁর ভিনধর্মে বিবাহ মেনে নিতে পারেননি বাবা-মা। অনুরাগের অভিযোগ, বিয়ের মাত্র ছয় দিন আগে তাঁর বাবা-মা জানিয়ে দেন যে তাঁরা বিয়েতে উপস্থিত থাকবেন না। ফলে পুরো বিয়ের আয়োজন তাঁকেই একা সামলাতে হয়।
তিনি আরও বলেন, পরিবারের সামনে তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল এবং অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। তাঁর অভিযোগ, বাবা-মা এমন কথাও বলেছেন যে তাঁরা নিজেরাও সুখে থাকবেন না, তাঁকেও সুখে থাকতে দেবেন না।
অনুরাগ আরও দাবি করেন, বিয়ের পর তাঁর স্ত্রী ঋতিকাকেও পরিবার গ্রহণ করেনি। এমনকি তাঁদের বাড়িতে ঢুকতেও বাধা দেওয়া হয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে একসময় তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে জানান।
ভিডিওর শেষদিকে অনুরাগ বলেন, তিনি চরম মানসিক অবসাদে ভুগছেন এবং গত পাঁচ দিন ধরে ঠিকমতো খেতেও পারেননি। তাঁর অভিযোগ, ভাই কালাম তাঁকে সোশ্যাল মিডিয়ায় ‘এক্সপোজ’ করার হুমকি দিয়ে তাঁর সম্পত্তি ও পোষা কুকুর পর্যন্ত নিয়ে নিয়েছেন।
ভিডিওর সঙ্গে হিন্দিতে একটি দীর্ঘ বার্তাও লেখেন অনুরাগ। সেখানে তিনি দাবি করেন, তাঁর মৃত্যুর পর হয়তো পরিবারের সদস্যরা নানা কথা বলবেন, কিন্তু তিনি নিজেকে নির্দোষ বলে মনে করেন। স্ত্রী ঋতিকাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, অন্যদের কথায় প্রভাবিত হয়ে তিনি তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি স্ত্রী ও সন্তানের জন্যই লড়াই করে গেছেন বলে দাবি করেন অনুরাগ।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে তা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে। অনেকেই তাঁর মানসিক অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর সুস্থতা কামনা করছেন।