শেফালীর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে ময়নাতদন্ত চলছে। ঠিক এই সময়েই ভাইরাল হয়ে যায় এক ভিডিও। সেখানে দেখা যায়, শেফালীর স্বামী পরাগ ত্যাগী রাস্তায় হেঁটে যাচ্ছেন, সঙ্গে তাঁদের পোষ্য কুকুর সিম্বা।
.png.webp)
শেষ আপডেট: 6 July 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: আচমকাই মৃত্যু হয়েছিল অভিনেত্রী শেফালী জরিওয়ালার। শনিবার গভীর রাতে তাঁর নিথর দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিস্মিত গোটা বিনোদন দুনিয়া। শেফালীর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে ময়নাতদন্ত চলছে।
ঠিক এই সময়েই ভাইরাল হয়ে যায় এক ভিডিও। সেখানে দেখা যায়, শেফালীর স্বামী পরাগ ত্যাগী রাস্তায় হেঁটে যাচ্ছেন, সঙ্গে তাঁদের পোষ্য কুকুর সিম্বা। এই ভিডিও দেখেই প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ— 'স্ত্রী মারা গিয়েছেন মাত্র কয়েক ঘণ্টা আগে, আর তিনি কি না পোষ্য নিয়ে স্বাভাবিক ভাবে হাঁটছেন!'
এই প্রশ্নের জবাব দিলেন শেফালীর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা পরস ছাবড়া। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘মানুষটার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। শেফালী ওঁর পোষ্যকে খুব ভালবাসত। ওরা তিনজনে থাকত একসঙ্গে— শেফালী, পরাগ আর তাঁদের পোষ্য সিম্বা। এখন শেফালী নেই, তাই সিম্বার প্রতি দ্বিগুণ দায়িত্ব অনুভব করছে পরাগ।’’
পরস আরও জানান, সিম্বার বয়স হয়েছে, সে ভাল করে দেখতে পায় না। তাই তাকে নিয়ম করে বাইরে নিয়ে যেতেন পরাগ। এদিনও সেই দায়িত্ব পালন করতেই বেরিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি ওদের বহু বছর ধরে চিনি। জানি, এটা পরাগের জন্য কতটা যন্ত্রণার সময়। এমন সময়ে গোপনে ভিডিও তুলে তা ভাইরাল করা চরম অসংবেদনশীল কাজ।’’
শেফালীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা। মাত্র ৪২ বছর বয়সে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।