মধ্য কলকাতার আড্ডা ঘর। ইংরেজি অনুবাদে যাকে ওই ক্যাফে বলা বলে। সেখানেই হাজির হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। আজকাল জনসমক্ষে তাঁকে বিশেষ দেখা যায় না! রটেছে স্ত্রী শ্রেয়ার সঙ্গে সম্পর্কটা আর নেই অভিনেতার। এদিকে তিনি শুরু থেকেই স্পিক্টি নট! এই প্রথম বার দ্য ওয়ালের কাছে কাজ থেকে প্রেম, বিয়ে থেকে ছেলে... মুখ খুললেন তিনি।

কী বলছেন জয়জিৎ?
শেষ আপডেট: 4 July 2025 16:49
এতদিন কোথায় ছিলেন?
(অবাক হয়ে) মানে!
ভক্তদের অভিযোগ, জয়জিৎকে আজকাল খুব কম দেখা যাচ্ছে
এই রে! সেটা তো প্রযোজক-পরিচালকরা বলতে পারবেন। আমি কিন্তু আমার মতো করে আছি। নিজের পেজ থেকে প্রচুর কন্টেন্ট ছাড়ি। আমার কাজ হল লোককে বিনোদন দেওয়া। সেটা কিন্তু চলছে।
আরজি কর কাণ্ডে মুখ খুলেছিলেন, রাস্তায় নেমেছিলেন। অনেকেরই অভিযোগ এর পর থেকেই কাজ পেতে অসুবিধে হয়েছে। আপনার?
(বেশ খানিকটা থেমে) এটা বরং দর্শকের উপর ছেড়ে দিই। আমার কাজ যেটা করার নিজের মতো করে যাই। আমার সমস্যা নেই।

এতটা ডিপ্লোম্যাটিক তো আপনি ছিলেন না!
হ্যাঁ?
জয়জিৎ মানেই সোজাসাপটা উত্তর, হঠাৎ এতটা পলিটিকালি কারেক্ট হয়ে গেলেন কী করে?
আসলে আমার উপর তো কোনও পলিটিকাল রঙ নেই। তবে আমার কনটেন্টগুলো দেখলেই মানুষ বুঝতে পারবে আমি কোন দিকে আছি! (হাসি)
সিম্বা-মুফাসাকে মনে আছে?
সে কী মনে থাকবে না! বাপ-বেটার সেই ইক্যুয়েশন ভোলা যায়? হঠাৎ এই প্রশ্ন?
আপনাকে আর যশোজিৎকে দেখলে অনেকটা সিম্বা-মুফাসার কথা মনে হয়, বাবা অন্ত প্রাণ, এই সমীকরণটা তৈরি হল কী করে?
(হাসি) এটা সেই ছোট থেকে হয়ে গিয়েছে। ছোট থেকেই ওকে অনেক সময় দিয়েছি। আমার অবসর সময় কেটেছে ওকে ঘিরে। আমার প্লেজার টাইমও বরাদ্দ ছিল শুধু আমার ছেলের জন্য।
![]()
অথচ আপনি না চাইলেও আপনাদের সাংসারিক বিষয় এই মুহূর্তে চর্চায়। শোনা যাচ্ছে আপনার ডিভোর্স হচ্ছে?
আসলে বহু দিন ধরেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে, মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হচ্ছে, আমার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে...আঙুল তোলা হচ্ছে। যদিও তেমন প্রমাণ নেই। আমি কিন্তু এই সবে বেশ আনন্দই পাই!
আনন্দ?
হ্যাঁ, আমার কাজই তো বিনোদন দেওয়া। আমি এন্টারটেইনার। আমার জীবন নিয়ে আলোচনা করে কেউ যদি আনন্দ পায় তাহলে তো আমারও আনন্দ পাওয়া উচিৎ।
সোজাসুজি একটা প্রশ্ন করি?
হ্যাঁ করুন।
এই মুহূর্তে আপনার রিলেশনশিপ সেটাস কী? মানে আপনি হ্যাপিলি ম্যারেড নাকি সিঙ্গল?
(খানিকক্ষণ চুপ থেকে) আমি ম্যারেড!
শুধুই...
(হাসি)

অভিনয় প্রসঙ্গে ফেরা যাক। হাতে কী কী কাজ আছে?
বেশ কিছু ছবির কাজ চলছে। একটা মাঝে রিলিজ হল। আরও কিছু ছবির কথা হচ্ছে। এখানে তো না আঁচালে বিশ্বাস নেই। আর ইন্ডাস্ট্রির অবস্থা তো আপনারা আমার থেকে আরও ভাল জানেন। এখানে প্রচুর খোপ হয়ে রয়েছে, বাটন হয়ে রয়েছে। আমি না হয় পকেট না হয়ে বাটন হয়েই থাকি।